সংসদ ভবন সংস্কারে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় সংসদের অনুন্নয়ন ও উন্নয়ন খাতে ২০১২-১৩ অর্থবছরের জন্য ১৭৭ কোটি টাকা এবং ২০১১-১২ অর্থবছরের জন্য ১৪০ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংসদ সচিবালয় কমিশনের ২৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি স্পিকার মো. আবদুল হামিদ সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনকে একটি ঐতিহ্যবাহী ভবন বর্ণনা করে এর রক্ষণাবেক্ষণ ও সংস্কারে বিশেষ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি সংসদ ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল সিস্টেম চালু ও অগ্নিনির্বাপণে ফায়ার ডিটেক্টরসহ আধুনিক সরঞ্জামাদি স্থাপনের ব্যাপারে গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী সংসদ-বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার কার্যক্রমে আরও গতিশীলতা আনতে এবং দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলতে মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণ বিশেষ করে, শিক্ষামূলক অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচারের উদ্যোগ গ্রহণেরও পরামর্শ দেন।বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলামও অংশ নেন। জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ বিশেষ আমন্ত্রণে সভায় অংশ গ্রহণ করেন।সভায় জাতীয় সংসদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৫২টি নিরাপত্তাবিষয়ক নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়। সভায় জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা ১৯৯৪-এর সংশোধিত বিধিমালা ২০১২ সম্পর্কে জানানো হয়। সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহ্ফুজুর রহমান, অর্থ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ তারেক ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।