সংসদ ভবনে বাণিজ্যমন্ত্রীর একান্ত সচিবের কক্ষে আগুন
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ-পূর্ব ব্লকের চারতলায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের একান্ত সচিবের কক্ষে গতকাল বুধবার আগুন লেগে আসবাব ও দলিল-দস্তাবেজ পুড়ে গেছে। বাণিজ্যমন্ত্রীর বিশ্রামের ঘর ও মেঝের গালিচা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া আগুনের তাপে ওই কক্ষগুলোর ঠিক ওপরে পাঁচতলায় সংসদের কমিটি শাখা-২-এর কক্ষের কম্পিউটারসহ প্রয়োজনীয় কিছু কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের উপপরিচালক জহুরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷
সংসদ সচিবালয়ে দায়িত্বরত গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানান, সকাল সাড়ে আটটার দিকে আগুন লাগে। এ সময় সংসদ ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়৷খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিদ্যুৎ সরবরাহ আবার চালু করা হয়।
সংসদ সচিবালয়ের সচিব আশরাফুল মকবুল গতকাল প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগে থাকতে পারে।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিয়াউল আহসান বলেন, কম্পিউটারের ইউপিএস বা ফ্যানজাতীয় কিছু চালু ছিল। তা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধোঁয়া জানালা দিয়ে বের হতে না পারায় পুরো ভবনে ছড়িয়ে পড়ে৷ এতে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কর্মকর্তারা অভিযোগ করেন, সংসদ ভবনের মূল নকশা অনুযায়ী ভবনের ভেতর প্রাকৃতিক আলো-বাতাস ঢোকার ব্যবস্থা রয়েছে। কিন্তু গণপূর্ত বিভাগ বিভিন্ন সময়ে সংসদ সচিবালয়ের চাহিদা পূরণ করতে গিয়ে একই কক্ষের ভেতরে কাঠের বেড়া বা কাচ দিয়ে ঘিরে আরও কক্ষ তৈরি করেছে। এই প্রতিবন্ধকতার কারণে বর্তমানে ভবনে আলো–বাতাস ঢুকতে পারে না৷ এ কারণে গতকাল আগুন লাগার পর ভবনের ভেতর ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।