সংসদ ভবনে বাণিজ্যমন্ত্রীর কক্ষে আগুন
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ-পূর্ব ব্লকের চতুর্থ তলায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তাঁর একান্ত সচিবের কক্ষের আসবাব ও দলিল-দস্তাবেজ পুড়ে গেছে। পুড়ে গেছে বাণিজ্যমন্ত্রীর বিশ্রামের ঘর ও মেঝের গালিচা।
বাণিজ্যমন্ত্রীর কক্ষের (৪৩২ ও ৪৩৩) আগুনের তাপে পাঁচতলায় সংসদের কমিটি শাখা-২ এর কক্ষের কম্পিউটারসহ প্রয়োজনীয় কিছু কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কমিটি শাখা-২-এর কক্ষটি বাণিজ্যমন্ত্রীর কক্ষের বরাবর ওপরে।
সংসদ সচিবালয়ে দায়িত্বরত গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানান, সকাল আটটা ৩৫ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় সংসদ ভবনে বিদ্যুত্ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিদ্যুত্ সংযোগ চালু করা হয়।
সংসদ সচিবালয়ের সচিব আশরাফুল মকবুল প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগে থাকতে পারে।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুত্) জিয়াউল আহসান বলেন, ‘কম্পিউটারের ইউপিএস বা ফ্যান জাতীয় কিছু চালু ছিল। তা থেকে দুর্ঘটনার সূত্রপাত হতে পারে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ, আগুনের ধোঁয়া জানালা দিয়ে বের হওয়ার সুযোগ না পেয়ে পুরো ভবনের ভিতরে ছড়িয়ে পড়ে। কর্মকর্তারা অভিযোগ করেন, সংসদ ভবনের মূল নকশা অনুযায়ী ভবনের ভেতরে প্রাকৃতিক আলো-বাতাস ঢোকার ব্যবস্থা রয়েছে। কিন্তু গণপূর্ত বিভাগ বিভিন্ন সময়ে সংসদ সচিবালয়ের চাহিদা পূরণ করতে গিয়ে একই কক্ষের ভেতরে কাঠের বেড়া দিয়ে একাধিক কক্ষ তৈরি করেছে। আলো ঢোকার প্রবেশপথের খালি জায়গায় কাঠ বা কাচ দিয়ে ঘিরে নতুন কক্ষ তৈরি করেছে। যে কারণে বর্তমানে সংসদ ভবনে পর্যাপ্ত আলো-বাতাস ঢোকে না। আর একই কারণে আজ আগুন লাগার পর ভবনের ভেতরটা ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।