টেলিভিশন স্টুডিও তৈরির জন্য সংসদ ভবনের ভেতরে তৈরি করা অবৈধ স্থাপনা ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। অবৈধ এ স্থাপনা নির্মাণের কাজ বন্ধ হওয়ার এক বছরের বেশি সময় পর সংসদ এই উদ্যোগ নিল।
চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে স্থাপনা ভাঙার কাজ শুরু হবে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংসদ সচিবালয় এখনো ভবনের মূল নকশা সংগ্রহ করতে পারেনি।
জানতে চাইলে গতকাল সোমবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সংসদ টেলিভিশনের স্টুডিও তৈরির জন্য নকশাবহির্ভূত যে স্থাপনা তৈরি করা হয়েছে, তা ভবনের সৌন্দর্যকে অনেকাংশেই নষ্ট করেছে। সে জন্য মূল নকশার বাইরে যেটুকু স্থাপনা আছে, তা ভেঙে ফেলা হবে এবং সেটা এ মাসের মধ্যেই করা হবে। এ বিষয়ে সংসদ সচিবালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয় ২০১১ সালের সংসদ বিতর্ক সরাসরি সম্প্রচারের জন্য সংসদ টেলিভিশন চালু করে। এ জন্য ২০১৩ সালের শুরুতে সংসদ কর্তৃপক্ষ স্থাপত্য অধিদপ্তরের অনুমতি না নিয়েই লুই ইসাডোর কানের মূল নকশাবহির্ভূতভাবে ভবনের উত্তর ফটকের ভেতরের অংশে টিভি স্টুডিও তৈরির কাজ শুরু করে। এতে ভবনের উত্তরের ফটকের প্রবেশ মুখটি প্রায় বন্ধ হয়ে যায়। প্রবেশপথের ভেতরের অংশে ষড়ভুজ বা ছয় কোণাকৃতির প্রশস্ত জায়গাকে ভাগ করে কয়েকটি কক্ষ তৈরি করা হয়।
গত বছরের ২৩ জুন প্রথম আলোতে ‘সংসদ ভবনের নকশায় আবার আঘাত’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্পিকার শিরীন শারমিন স্থাপনার কাজ বন্ধের নির্দেশ দেন। কিছুদিন পর স্পিকারের নির্দেশে টিভি স্টুডিও মূল ভবনের বাইরে লেকের পূর্ব পাশের মিনিস্টার হোস্টেলে স্থানান্তর করা হয়।
এ পরিবর্তন সম্পর্কে তখন বিশেষজ্ঞরা বলেছিলেন, মূল নকশায় পরিবর্তনের কারণে ভবনের স্থাপত্য সৌন্দর্য, ঐতিহ্য ও আন্তর্জাতিক মান ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি সংসদ ভবনের আন্তর্জাতিক স্থাপনা হিসেবে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের স্বীকৃতি পেতে বাধার সৃষ্টি করবে।
একই সময়ে সংসদ সচিবালয়ের কমিশন বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবনের মূল নকশা উপস্থাপনের নির্দেশ দিলে গণপূর্ত বিভাগ থেকে জানানো হয়, মূল নকশা বাংলাদেশে নেই। লুই কানের প্রতিষ্ঠানের টাকা পরিশোধ না করায় তারা মূল নকশা সরবরাহ করেনি। এরপর প্রধানমন্ত্রী বকেয়া টাকা পরিশোধ করে মূল নকশা সংগ্রহের নির্দেশ দেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, প্রায় এক বছর হয়ে গেলেও এখনো মূল নকশা সংগ্রহ করা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিলেও সংসদ সচিবালয় লুই কানের প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের বিষয়টিকে গুরুত্ব দেয়নি।
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সচিবালয়ের সচিব আশরাফুল মকবুল প্রথম আলোকে বলেন, সংসদ সচিবালয়ে স্থাপত্য বিষয়ে কোনো বিশেষজ্ঞ না থাকায় নকশা সংগ্রহের কাজটি অগ্রগতি হয়নি। এ বিষয়ে স্থাপত্য অধিদপ্তরের সহায়তা নেওয়া হবে।