সংসদ ভবনের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ
লুই আই কানের মূল নকশা অনুযায়ী সংসদ ভবন রক্ষণাবেক্ষণ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ২৫তম বৈঠকে প্রধানমন্ত্রী সংসদ ভবন রক্ষণাবেক্ষণের কাজ দ্রুত শুরু করার তাগিদ দেন।
বৈঠক শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, লুই আই কানের নকশা অনুযায়ী সংসদ ভবনে কেন্দ্রীয় শীতাতপব্যবস্থা কাজ করবে। এখানে আলাদাভাবে শীতাতপব্যবস্থা লাগানোর সুযোগ কম। কিন্তু দুটি কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের একটি অকেজো হয়ে গেছে, অন্যটিও নষ্ট হতে বসেছে৷ এ কারণে সংসদ ভবনের অনেক কক্ষে আলাদা শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র লাগাতে হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, এতে সংসদ ভবনের সৌন্দর্য নষ্ট হচ্ছে। তিনি দ্রুত পুরোনো শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র সরিয়ে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র বসাতে বলেছেন।
বৈঠক সূত্র জানায়, সংসদ রক্ষণাবেক্ষণের জন্য গণপূর্ত বিভাগ থেকে ১০৩ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব এখনো একনেকে না পাঠিয়ে কমিশন বৈঠকে উপস্থাপন করায় গণপূর্ত বিভাগের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি এই বলে কটাক্ষ করেন, সব কাজে প্রধানমন্ত্রীর অপেক্ষায় থাকলে তো ডাক্তার আসার আগে রোগী মারা যাওয়ার মতো অবস্থা হবে। প্রধানমন্ত্রী প্রস্তাব দ্রুত একনেকে অনুমোদন করিয়ে সংসদ ভবন রক্ষণাবেক্ষণের কাজ শুরু করতে বলেছেন।
বৈঠক সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রী বলেছেন, সংসদ ভবনে প্রাকৃতিক আলো ও বাতাস ঢোকার জন্য লুই কান ফাঁকা জায়গা ও জানালা রেখেছেন। কিন্তু এখন অনেকেই অপ্রয়োজনে আলো আসার প্রবেশমুখে পর্দা লাগিয়ে সংসদ ভবনকে অন্ধকার করে দিয়েছেন। তিনি অপ্রয়োজনীয় পর্দা অপসারণ করতে বলেছেন।
এর আগে নবম সংসদে গণপূর্ত বিভাগ লুই আই কানের নকশাবহির্ভূতভাবে সংসদ ভবনের ভেতরে সংসদ টেলিভিশনের জন্য স্টুডিও নির্মাণের কাজ শুরু করেছিল। এ বিষয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর সিদ্ধান্ত বাতিল করে ভবনের বাইরে স্টুডিও নির্মাণের সিদ্ধান্ত হয়।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে ২০১৪-১৫ অর্থবছরে জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে ২০৯ কোটি ৬১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক এবং বিশেষ আমন্ত্রণে সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ অংশ নেন৷