সংসদ ভাঙবে প্রধানমন্ত্রীর ইচ্ছায়: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরঞ্জিত সেনগুপ্ত
সুরঞ্জিত সেনগুপ্ত

সংবিধান অনুযায়ী বর্তমান নবম জাতীয় সংসদ কবে নাগাদ ভাঙবে, তা প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, সংসদ কবে ভাঙবে সংবিধানে এই এখতিয়ার দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ওপরে। ১২৩ এর (ক) ও (খ) এর মধ্যে কোন ধারা তিনি বেছে নেবেন, সেটা তাঁর সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। তিনি চাইলে মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিন আগে সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আহ্বান করতে পারেন। আবার তিনি চাইলে সংসদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানাতে পারেন। সংসদ নেতা হিসেবে তিনিই এই সিদ্ধান্ত নেবেন।
সুরঞ্জিত জানান, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বর্তমান সংসদের মেয়াদ অক্টোবরে শেষ হবে, নাকি জানুয়ারিতে শেষ হবে।
‘আওয়ামী লীগ চালাকি করে ক্ষমতায় থাকতে চায়’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের এমন বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘কোনো চালাকি নয়। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তাঁর ক্ষমতা প্রয়োগ করবেন কি করবেন না, সেটা তাঁর সিদ্ধান্ত। আমরা কোনো চালাকি করি না। এটা বিএনপির অভ্যেস। মওদুদ সাহেব জজদের মেয়াদ দুই বছর বাড়ানোর জন্য সংবিধান সংশোধন করেছিলেন। কিন্তু আমরা কোনো তুচ্ছ কারণে সংবিধান সংশোধন করিনি।’ এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান সুরঞ্জিত।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, জাসদের নেতা মীর আক্তার হোসেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।