সংসদ ভেঙে দিতে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার
যেকোনো মূল্যে সংবিধানের আলোকে সময়মতো নির্বাচন করার ওপরই গুরুত্ব দিচ্ছে সরকার। জানুয়ারির শুরুতেই নির্বাচন—এমন লক্ষ্যই স্থির করে আগানো হচ্ছে। এ লক্ষ্যে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক চিঠি দেওয়ারও প্রস্তুতি চলছে। পাশাপাশি জোট ও সমমনা দলের সঙ্গে আলোচনা করছেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে ২৫ অক্টোবরসহ বিরোধী দলের আন্দোলন পরবর্তী সময়ে নির্বাচন প্রতিহত করার যেকোনো তৎপরতা কঠোরভাবে দমনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য পুলিশ, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) পুরো প্রশাসনকে কাজে লাগানো হবে।
আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ২৫ তারিখ ঘিরে বিরোধী দলের কর্মসূচি নিয়ে উত্তেজনা, নির্বাচনকালীন সরকারের বিষয়ে প্রস্তাব-
পাল্টা প্রস্তাবের মধ্যেই সরকার ১৪ দলসহ সমমনাদের সঙ্গে আলোচনা শেষ করবে। এরপর সংসদ ভেঙে দিয়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হবে।
সূত্র আরও জানায়, ২০০৬ সালে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়ে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তখনকার রাষ্ট্রপতিকে যে চিঠি দিয়েছিলেন, তা-ই অনুসরণ করতে যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার। বর্তমান রাষ্ট্রপতিকে যে চিঠি দেওয়া হবে, তাতে কেবল ভাষাগত কিছু পরিবর্তন হতে পারে বলে সূত্র জানায়।
আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা প্রথম আলোকে বলেন, বিরোধী দল বিএনপির পক্ষ থেকে সরকারকে সংলাপের যে চিঠি দেওয়া হয়েছে, সে বিষয়ে সৌজন্য দেখাবে আওয়ামী লীগ পাল্টা চিঠি দিয়ে, ই-মেইল করে কিংবা ফোনে এই সৌজন্য অব্যাহত রাখা হবে। তবে আলোচনা-সংলাপ কিংবা অন্য যে উদ্যোগই নেওয়া হোক না কেন, প্রধানমন্ত্রীকে নির্বাচনকালীন সরকারের প্রধান থেকে সরে যাওয়ার মতো ছাড় দিতে এখনো রাজি নয় আওয়ামী লীগ। এতে বিএনপি নির্বাচন বর্জন করলেও তাকে আমলে নেবে না।
সংবিধান অনুযায়ী নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়ে যাবে আগামীকাল ২৫ অক্টোবর থেকে। গতকাল বিরোধী দলের সদস্যদের অনুপস্থিতিতে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সংসদের চলতি অধিবেশন ৭ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, এটাই হবে এই সংসদের শেষ অধিবেশন। এরপর বর্তমান পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়ে চিঠি দেওয়া হবে। ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তফসিল ঘোষণা করে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, সংসদের চলতি অধিবেশন ৭ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে। এর আগে-পরে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হতে পারে।
আওয়ামী লীগের আরেকজন দায়িত্বশীল নেতা দাবি করেন, বিরোধী দল নির্বাচন বর্জন করলেও ১৪-দলীয় জোটকে পাশে পাবে আওয়ামী লীগ। এইচ এম এরশাদের জাতীয় পার্টিকেও পাওয়ার আশা করছে দলটি। তবে গত রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের বৈঠকের পর পরিস্থিতি কিছুটা বদলে গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সংবাদ ব্রিফিংকে কেন্দ্র করে এরশাদের কঠোর প্রতিক্রিয়ার কারণে এরশাদের পাশে থাকা নিয়ে আপাতত শঙ্কা দেখা দিয়েছে।
আওয়ামী লীগের একাধিক নীতিনির্ধারক জানিয়েছেন, দল হিসেবে আওয়ামী লীগ মনে করে, শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন। তবে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, অভ্যন্তরীণ ও বাইরের বিভিন্ন শক্তির ক্রিয়া-প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে শেখ হাসিনা যদি নিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, সেটা আলাদা বিষয়।
গতকাল ১৪ দলের শরিক ১১ দলের নেতারা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে বৈঠক করেন। ওই বৈঠকে সংবিধানের ভেতরে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রস্তাব দিয়েছেন, তার প্রতি সমর্থন জানানো হয়।
১১ দলের কয়েকজন নেতা জানান, তাদের পক্ষ থেকে অনেক আগেই এ ধরনের প্রস্তাবের কথা বলা হয়েছে। বলা যায়, প্রধানমন্ত্রীর প্রস্তাবটি তাদেরই প্রস্তাব।
এর বাইরে জাতীয় সমাজতান্ত্রিক দলেরও (জাসদ) শেখ হাসিনার প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বলে সংগঠনের একাধিক নেতা জানিয়েছেন। এখন হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিকে পাশে পেলেই সরকার সন্তুষ্ট থাকবে। সে ক্ষেত্রে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল না এলেও নির্বাচন করে ফেলতে চায় সরকার।
এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মাহবুব উল আলম হানিফ বলেন, সংবিধানের নির্দেশনা মেনে সময়মতোই নির্বাচন হবে। সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনই হবে।
নির্বাচনকালীন সরকার নিয়ে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কীভাবে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে জানতে চাইলে হানিফ বলেন, ‘চিঠি চালাচালি হয়েছে। সংলাপের একটা হাওয়া তৈরি হয়েছে। এ অবস্থায় সবকিছুই আমরা ইতিবাচকভাবে দেখছি। আশা করছি, সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে।’
একজন জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, একক নির্বাচন করতে গেলে বিএনপি তা ঠেকিয়ে দিতে পারবে—সেই আশঙ্কা এখন করছে না সরকার। বড়জোর জামায়াত-অধ্যুষিত কিছু কিছু এলাকায় নাশকতা হতে পারে। সেটা ঠেকানোর জন্য সরকার সর্বশক্তি নিয়োগ করবে। পাশাপাশি বিদেশিদের কাছে নির্বাচনকে কীভাবে গ্রহণযোগ্য করা যায়, সেটি নিয়েও কাজ করছে সরকার।