সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের পক্ষে বিশিষ্টজনেরা
জাতীয় নির্বাচনের জন্য একটি স্থায়ী পদ্ধতি দরকার। সে ক্ষেত্রে সংসদ ভেঙে দিয়েই নির্বাচন হওয়া উচিত।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এ মতামত জানিয়েছেন বক্তারা। ‘বর্তমান সংকট নিরসনে করণীয়’ শীর্ষক ওই আলোচনায় সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজউদ্দিন খান।
আলোচনায় হাফিজউদ্দিন খান অভিযোগ করেন, যে দল ক্ষমতায় যায়, সে দলই প্রশাসনে দলীয়করণ করে। সেনাবাহিনীকে খুশি করে। দুই দলের কথার সঙ্গে কাজের মিল নেই।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করলেও সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) থাকবে না।
কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, দুই নেত্রী যা বলেন, দলের নেতাদের কাছে এখন সেটাই সংবিধান হয়ে যায়। সরকারকে স্পষ্ট করতে হবে, তারা কী চায়। পীর-ফকিরের মাজারের লোকের মতো আধ্যাত্মিক কথা বললে চলবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, সাংবিধানিক স্ববিরোধিতা নিয়ে সমস্যার সমাধান হতে পারে না। দেশে ৪২ বছরেও সাংবিধানিক সংস্কৃতি গড়ে ওঠেনি। রাজনীতিবিদদের ওপর আস্থার জায়গা নেই। এ কারণে নির্বাচন কমিশনের ওপরও কারও আস্থা নেই।