সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন দাবি উদ্ভট ও হাস্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে বিএনপির মহাসচিবের আগাম নির্বাচনের দাবিকে উদ্ভট ও হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ নেতৃত্ব দেওয়ার কারণে দলের মহাসচিবের পদ থেকে তাঁর পদত্যাগ করা উচিত।

গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজায় দেশের সর্বপ্রথম অত্যাধুনিক ডিজিটাল পদ্ধতিতে টোল আদায়ে নতুন বুথ স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। এ সময় তাঁর সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের প্রকৌশলী আবদুস সবুরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের ইচ্ছায় ক্ষমতায় এসেছি, নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছায় ক্ষমতায় থাকব। জনগণ না চাইলে চলে যাব। কিন্তু সংবিধানের বাইরে কিছু হবে না।’