সরকার সংসদ ভেঙে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত নিলে তাকে স্বাগত জানাবে বিএনপি। গতকাল শনিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।
সূত্র জানায়, গতকাল চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, ৬ জুন বাজেট পেশের দিন আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া হবে। প্রধানমন্ত্রী সম্ভাব্য তারিখ ২৫ অক্টোবর বলেও উল্লেখ করেছেন। গণমাধ্যমে প্রকাশিত প্রধানমন্ত্রীর ওই বক্তব্য যদি সঠিক হয়, তবে তা হবে ইতিবাচক।
স্থায়ী কমিটির বৈঠকে এখনই এ নিয়ে কোনো মন্তব্য করার প্রয়োজন নেই বলে সদস্যরা একমত হয়েছেন। তাঁরা মনে করেন, সরকার একেক সময় একেক কথা বলছে। তাই প্রধানমন্ত্রীর ওই বক্তব্য সত্য হলেও এর ওপর আস্থা রাখার কোনো কারণ নেই।
বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সংসদে দলীয় সদস্যদের বক্তব্যের ধরন এবং বিএনপির করণীয় নিয়ে আলোচনা হয়েছে। তবে নির্দলীয় সরকারের দাবিতে নতুন করে কোনো আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করা হয়নি। তা ছাড়া পবিত্র রমজান মাসকে দল গোছানো ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার মাস হিসেবে পালনের বিষয়েও আলোচনা হয়েছে। সিটি করপোরেশন নির্বাচনে জোর প্রচারণায় নামার ব্যাপারেও বিএনপির নেতাদের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া।
বৈঠকে আর এ গণি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, জমির উদ্দিন সরকার, সারোয়ারী রহমান, মঈন খান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।