সংসদ মুলতবি করে দলীয় সাংসদদের এলাকায় পাঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে সংসদ মুলতবি করে দলীয় সাংসদদের নিজ নিজ এলাকায় পাঠানোর প্রস্তাব দিয়েছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা চালানো জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধেরও পরামর্শ দিয়েছেন তাঁরা।গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সঙ্গে এক মতবিনিময় সভায় পেশাজীবীরা এসব পরামর্শ দেন। পেশাজীবী নেতারা ১৪ দল ও সরকারের পক্ষে একজন করে মুখপাত্র ঠিক করে প্রতিদিনের ঘটনা সম্পর্কে বক্তব্য তুলে ধরারও আহ্বান জানান। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার বলেন, চলমান পরিস্থিতি মোকাবিলায় সাংসদদের এলাকায় গিয়ে অবস্থান করা উচিত। এ জন্য সংসদকে মুলতবি রাখা যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নীল দলের আহ্বায়ক ইমামুল হক ‘নকশালের কায়দায়’ জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি করেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান বলেন, ‘জাতি বিভক্ত হয়ে গেছে বলে আলোচনা উঠেছে। জাতিকে অবশ্যই বিভক্ত করতে হবে। কারণ, কারা স্বাধীনতার সপক্ষের শক্তি, কারা বিপক্ষের তা জানতে হবে। এরপরই আঘাত করতে হবে।’ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বর্তমান সময়কে ‘যুদ্ধাবস্থার’ সঙ্গে তুলনা করে বলেন, ‘শত্রুকে বেশি সময় দিলে কিংবা যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে গুজব হবে। ভুল বোঝাবুঝি হবে, এমনকি নিজেদের মধ্যে বিভেদও হতে পারে।’ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য এস এম নজরুল ইসলাম জামায়াত-শিবিরের ‘অপপ্রচার’ যাতে গণমাধ্যমে না আসতে পারে এবং আবারও যেন এক-এগারো না আসতে পারে, সেই দিকে খেয়াল রাখার পরামর্শ দেন।মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গ্রামাঞ্চলে ঘরবাড়িতে আগুন লাগানোর পরিকল্পনা রয়েছে জামায়াত-শিবিরের। এ বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘অনেকে বলেন দেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমি বলি, ৪২ বছরের আবর্জনা পরিষ্কার করতে যাচ্ছি। এতে একটু ধুলা উড়বে, একটু ভেঙে পড়বে, কিছুটা রক্তপাত তো হবেই।’ সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি ওমর ফারুক, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি কাজী নজীবুল্লাহ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম শাহাদাৎ উল্লাহ প্রমুখ।