সংসদ সদস্য ও সংসদের গাড়ির স্টিকারে পরিবর্তন আসছে
সাংসদ ও জাতীয় সংসদ সচিবালয়ের গাড়ির স্টিকারের যথেচ্ছ ব্যবহার রোধে এবং জাল স্টিকার লাগিয়ে গাড়ি চালানো ব্যক্তিদের শনাক্ত করতে স্টিকারে পরিবর্তন আসছে। জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় বিএনএফের সাংসদ এস এম আবুল কালাম আজাদ আগের দিন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, ‘গতকাল (বুধবার) মন্ত্রী ভুয়া সংসদ সদস্য, ভুয়া স্টিকারের কথা বলেছেন। উনি সচেতনভাবে ভুয়া মন্ত্রীর কথা বলেননি। আমাদের মানসম্মান সবারই আছে। কথা বলার সময় এগুলো বিবেচনায় নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
বুধবার ওবায়দুল কাদের বলেছিলেন, আইনপ্রণেতাদের অনেকে ট্রাফিক আইন মানেন না। সাংসদের গাড়ির স্টিকার লাগিয়ে কাজের লোক বাজারে যায়।
আবুল কালাম আজাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার জানান, সাংসদ, সাংসদদের পরিবারের এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের গাড়িতে ব্যবহারের জন্য ভিন্ন ভিন্ন রঙের তিন ধরনের স্টিকার তৈরি হচ্ছে।
স্পিকার আরও জানান, প্রতিটি স্টিকারে হলোগ্রাম, গাড়ির নম্বর ও নিরাপত্তা নম্বর থাকবে। এটি দেখে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সহজে চিহ্নিত করতে পারবেন, গাড়িটি কার। এটি সহজে নকল করা সম্ভব হবে না। শিগগির এই স্টিকার সরবরাহ করা হবে।