সংসদ সদস্য পদের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট-১ আসনের বিএনপিদলীয় সাংসদ মোজাহার আলী প্রধান কোন ক্ষমতাবলে দায়িত্ব পালন করছেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ স্থানীয় ভোটার এ এস এম কাউসার উজ্জামানের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, আইনসচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও মোজাহার আলী প্রধানকে আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।মোজাহার আলী প্রধানের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে গত রোববার কাউসার উজ্জামান হাইকোর্টে রিট আবেদনটি করেন। গতকাল এর ওপর প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। শুনানিতে মনজিল মোরসেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের সম্পত্তির হিসাব হলফনামা আকারে নির্বাচন কমিশনে দাখিলের বিধান থাকলেও তিনি (মোজাহার আলী প্রধান) তথ্য গোপন করে সম্পত্তির প্রকৃত হিসাব দেননি। এ কারণে গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুসারে অসত্য তথ্য দেওয়ার কারণে তাঁর সংসদ সদস্য পদ বাতিলযোগ্য।