সংসদ সদস্য প্রার্থীর শীতবস্ত্র বিতরণের ঘোষণা, অতঃপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এনামুর রহমান ধসে পড়া রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের শীতবস্ত্র দেওয়ার কথা বলে সাভারে এনেছেন। সবাইকে খবর দিলেও শেষ পর্যন্ত মাত্র ৩৫০ জনকে শীতবস্ত্র দেওয়া হয়। ফলে সারা দিন অপেক্ষা করেও অধিকাংশ মানুষকেই খালি হাতে ফিরতে হয়েছে।
এনামুর রহমান দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান। ওই আসনে তিনি একক প্রার্থী।
দুর্ভোগের শিকার শ্রমিকেরা জানান, ধসে পড়া রানা প্লাজার সামনে গত মঙ্গলবার এক শ্রমিক সমাবেশে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের শীতবস্ত্র বিতরণের ঘোষণা দেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এনামুর রহমান। ঘোষণা অনুযায়ী গতকাল তাঁরা এনাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় একটি প্যান্ডেলে জড়ো হন। এটি তাঁর প্রধান নির্বাচনী প্রচারকেন্দ্র।
শ্রমিক ও তাঁদের স্বজনেরা জানান, গতকাল সকাল নয়টার পর থেকে শীতবস্ত্র বিতরণস্থলে উপস্থিত হন তাঁরা। সকাল ১০টার মধ্যে হাজার দেড়েক শ্রমিক ও তাঁদের স্বজনেরা আসেন। দুপুর গড়িয়ে বিকেল হয়, তবু আয়োজকদের দেখা মেলে না। ক্ষুধায় কাতর শ্রমিক ও স্বজনেরা একটি শীতবস্ত্রের জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকেন। তাঁদের সঙ্গে আসা শিশুরা ক্ষুধায় কান্না করতে থাকে। সাড়ে তিনটার দিকে মঞ্চে আসেন এনামুরের স্ত্রী এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক রওশন আক্তার চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন হাসপাতালের কয়েকজন কর্মকর্তা। বিকেল চারটার দিকে রানা প্লাজার নিহত শ্রমিক রফিকুল ইসলামের মা ফিরোজা বেগমের হাতে একটি কম্বল তুলে দিয়ে বস্ত্র বিতরণের সূচনা করেন রওশন আক্তার। এভাবে আগে থেকে টোকেন পেয়েছিলেন এমন ৩৫০ জনকে কম্বল, সোয়েটার ও চাদর দেওয়া হয়। সঙ্গে এক প্যাকেট করে খাবার। এর পর বিতরণ বন্ধ করে দেওয়া হয়।
কম্বল থাকার পরও উপস্থিত কয়েক শ শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের খালি হাতে ফিরে যেতে হয়। অথচ কোনো টোকেন বিতরণ বা সংগ্রহের ঘোষণা আগে দেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে বিতরণের জন্য বিজিএমইএর পক্ষ থেকে ৫০০ কম্বল দেওয়া হয়েছিল। আর সৈয়দা নাসরিন আহমেদ দিয়েছেন ২০০ শাল ও ১০০ সোয়েটার। অথচ মঞ্চের পেছনে টানানো ব্যানারে দাতাদের কথা লেখা ছিল না।
নিখোঁজ শ্রমিক জাহেদা খাতুনের স্বামী আবদুল আলীম বলেন, শীতবস্ত্র দেওয়ার কথা বলে ডেকে এনে দিনভর বসিয়ে রাখার পর কয়েক শ শ্রমিককে খালি হাতে বিদায় করা হয়। তাঁদের খাবারও দেওয়া হয়নি। নিরীহ মানুষগুলোর সঙ্গে এইভাবে প্রতারণা করা হলো।
এ প্রসঙ্গে কথা বলতে এনামুরের মুঠোফোনে কয়েক দফা ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী একজন প্রার্থী এভাবে ঘোষণা দিয়ে কম্বল বিতরণ করতে পারেন কি না, জানতে চাইলে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্লা বলেন, বিষয়টি সম্পর্কে তাঁর ধারণা নেই।