সংসদ সদস্য ভবনে মন্ত্রীদের ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদদের জন্য বরাদ্দ করা ফ্ল্যাটে স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা, মা বা ভাইবোন ছাড়া অন্য কেউ থাকতে পারবেন না। মন্ত্রীদের নামেও কোনো ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে না।
গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবনের ফ্ল্যাট বরাদ্দ নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, সংসদ সদস্য ভবনে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর প্রাপ্যতা অনুযায়ী ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। যে দলের জন্য যতটি বরাদ্দ হবে, তার মধ্য থেকে সংশ্লিষ্ট দলের তালিকা তালিকা অনুযায়ী সাংসদদের ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।
এর আগে ন্যাম ভবন ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবনে মন্ত্রীদের অনেকের নামেও ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে বরাদ্দ পেলেও মন্ত্রী-সাংসদদের অনেকেই সেই ফ্ল্যাটে থাকতেন না। আত্মীয়স্বজন, দলীয় লোকজন, গাড়িচালকদেরও ফ্ল্যাটে থাকতে দিয়েছিলেন কেউ কেউ।
বৈঠকে সাংসদদের ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার জন্য আ স ম ফিরোজকে সভাপতি করে চার সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদস্য আব্দুস শহীদ, নূর-ই-আলম চৌধুরী, সাগুফতা ইয়াসমিন, তাজুল ইসলাম চৌধুরী, ফজলে হোসেন বাদশা, খালিদ মাহমুদ চৌধুরী, আসলামুল হক, মাহাবুব আরা বেগম, নাজমুল হক প্রধান ও তালুকদার মো. ইউনুস উপস্থিত ছিলেন।