বর্তমান দশম জাতীয় সংসদের ৩৫০ জন সাংসদের মধ্যে ব্যবসায়ী ১৭৫ জন (৫০ শতাংশ)। সাংসদদের মূল কাজ আইন প্রণয়ন হলেও পেশাগতভাবে আইনজীবীর সংখ্যা মাত্র ৫১ জন (১৪.৫৭ শতাংশ)।
সুশাসনের জন্য নাগরিক-সুজন প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘দশম জাতীয় সংসদের সংসদ সদস্যগণের তথ্য’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে সুজন বলেছে, প্রার্থী ও সাংসদদের দেওয়া হলফনামার তথ্য বিশ্বাসযোগ্য নয়। সে জন্য হলফনামার তথ্য যাচাইয়ের দাবি জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সাংসদদের মধ্যে ব্যবসায়ী ও আইনজীবীর বাইরে পেশাগতভাবে কৃষিজীবী ২১ জন, চাকরিজীবী ১৭, গৃহিণী সাত ও অন্যান্য পেশার ৭৪ জন রয়েছেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ১২৮ জন (৩৬.৫৭ শতাংশ) স্নাতকোত্তর এবং ১৪৭ জন (৪২ শতাংশ) স্নাতক পাস। ২১ জন এসএসসি ও ৩৭ জন এইচএসসি পাস। ১৫ জনের (৪.২৮ শতাংশ) শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে।
প্রতিবেদনটি উপস্থাপন করেন সুজনের প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। প্রতিবেদনে বলা হয়, সাংসদ ও তাঁদের ওপর নির্ভরশীলদের আয় বিশ্লেষণে দেখা গেছে, ৫৫ জনের আয় কোটি টাকার ওপরে। তাঁদের মধ্যে ৪৪ জন আওয়ামী লীগের। ১৭ জনের আয় দুই লাখ টাকার নিচে, তাঁরা আয়কর দেন না। এর বাইরে ৬৩ জনের আয় দুই থেকে পাঁচ লাখ টাকা, ১২৪ জনের আয় পাঁচ লাখ থেকে ২৫ লাখ, ৫২ জনের আয় ২৫ থেকে ৫০ লাখ এবং ৩২ জনের আয় ৫০ লাখ থেকে এক কোটি টাকা।
সম্পদ বিবরণীতে দেখা গেছে, ৯৪ জনের সম্পদ পাঁচ কোটি টাকার ওপরে। ১২ জনের সম্পদ পাঁচ লাখ টাকার নিচে। এর বাইরে ৩০ জনের সম্পদ পাঁচ থেকে ২৫ লাখ টাকা, ৩২ জনের সম্পদ ২৫ থেকে ৫০ লাখ টাকা, ৪৭ জনের সম্পদ ৫০ লাখ থেকে এক কোটি টাকার এবং ১৩২ জনের সম্পদ এক থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত। তিনজন সম্পদের বিবরণী উল্লেখ করেননি।
আয়কর বিবরণীতে সংরক্ষিত ৫০ জন নারী সাংসদের তথ্য উল্লেখ করা হয়নি। ৩০০ জনের দেওয়া তথ্যে দেখা গেছে, ২৫৮ জন আয়কর দেন। ১০ লাখ টাকার ওপর আয়কর দেন ৩১ সাংসদ। পাঁচ হাজার টাকা বা এর কম আয়কর দেন ১০৭ জন। পাঁচ থেকে ১০ হাজার টাকা আয়কর দেন ছয়জন, ১০ থেকে ৫০ হাজার টাকা কর দেন ৩১ জন, ৫০ হাজার থেকে এক লাখ টাকা কর দেন ২৪ জন, এক থেকে পাঁচ লাখ টাকা কর দেন ৪৩ জন এবং পাঁচ থেকে ১০ লাখ টাকা কর দেন ১৬ জন।
সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, দুদক যে সাত সাংসদকে তলব করেছে, তাঁদের মধ্যে তিনজনই বলেছেন, তাঁদের হলফনামায় ভুল হয়েছে। নির্বাচন কমিশন বা দুদক ৩৫০ জন সাংসদের হলফনামা খতিয়ে দেখতে পারে। তাতে আরও অনেক দুর্নীতিবাজ বা অবৈধ সম্পদের মালিককে শনাক্ত করা সম্ভব হবে।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, স্বচ্ছতার জন্যই হলফনামা যাচাই করা উচিত। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সুজনের সদস্য ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।
সুজনের প্রস্তাবে বলা হয়েছে, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এ ছাড়া নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধানের জন্য সব রাজনৈতিক দলের সম্মতিতে একটি জাতীয় সনদ প্রণয়ন করতে হবে।