সংসদ সদস্যপদ খারিজ ও লতিফকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে এম এ লতিফের সংসদ সদস্যপদ খারিজ ও তাঁকে গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাগ্রত ছাত্র-যুব জনতা।
গতকাল শনিবার সকালে নগরের নতুন রেলস্টেশন সড়ক ও বিকেলে কেইপিজেড চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়।
দুটি কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন। তাঁরা সাংসদ লতিফকে ‘প্রেশার গ্রুপের’ ক্রীড়নক অভিহিত করে বলেন, ‘এম এ লতিফ বর্তমানে চট্টগ্রাম চেম্বারের কোনো পদে আসীন না হয়েও বর্তমান দুর্বল নেতৃত্বকে জিম্মি করে চেম্বারের তহবিলকে গনিমতের মাল হিসেবে ব্যবহার করছেন।’
জাগ্রত ছাত্র-যুব জনতার আহ্বায়ক এ এস এম জাহিদ হোসেন বলেন, ‘যুদ্ধাপরাধী জামাত-শিবির চক্র ও পাক হানাদার বাহিনী যে দুঃসাহস করেনি আওয়ামী লীগের সাংসদ হয়ে এম এ লতিফ সেটা করেছেন। তিনি বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার সেই দুঃসাহস দেখিয়েছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে এ ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটতেই থাকবে। এম এ লতিফের সংসদ সদস্যপদ অবিলম্বে খারিজ করতে হবে।’
জাগ্রত ছাত্র-যুব জনতার আহ্বায়ক বলেন, ‘জাতির জনকের ছবি জালিয়াতির সঙ্গে কোনো আপস হতে পারে না। দলের কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জালিয়াতির পক্ষে থাকলে তাঁকেও গণদুশমন হিসেবে প্রতিহত করা হবে।’
গতকালের কর্মসূচিতে অংশ নেন মুক্তিযোদ্ধা অমল মিত্র, সাবেক কাউন্সিলর ও শ্রমিক লীগের নেতা জাহাঙ্গীর আলম, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মনসুর, লতিফের বিরুদ্ধে করা মামলার বাদী ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য সাইফুদ্দিন আহমেদ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ফরহান আহমেদ, শওকত হোসাইন, মো. সালাহ উদ্দিন প্রমুখ।