সংসদ সদস্যপদ বাতিলে ইসির শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বাতিলের ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে।
বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল সোমবার এ শুনানি শুরু হয়। আগামী বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী। তাঁকে সহযোগিতা করেন জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম।
গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে হজ নিয়ে বিরূপ মন্তব্য করায় লতিফ সিদ্দিকীর মন্ত্রিত্ব যায়। একই সঙ্গে নিজ দল আওয়ামী লীগ থেকেও তিনি বহিষ্কৃত হন। বহিষ্কারের বিষয়টি জানিয়ে গত ৫ জুলাই জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেয় আওয়ামী লীগ। দল থেকে বহিষ্কারের কারণে লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ থাকবে কি না, তা মীমাংসার অনুরোধ জানিয়ে ১৩ জুলাই ইসিকে চিঠি দেন স্পিকার। কমিশন ২ আগস্টের মধ্যে আওয়ামী লীগ ও লতিফ সিদ্দিকীকে নিজেদের বক্তব্য উপস্থাপনের অনুরোধ জানিয়ে চিঠি দেয়। এ বিষয়ে দুই পক্ষ জবাব জানানোর পর কমিশন ২৩ আগস্ট শুনানির তারিখ নির্ধারণ করে।
ইসির শুনানির এই এখতিয়ার চ্যালেঞ্জ করে গত রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন লতিফ সিদ্দিকী। এতে কমিশনকে দেওয়া স্পিকারের চিঠির কার্যকারিতা স্থগিতের আরজি জানানো হয়েছে। একই সঙ্গে ওই চিঠি কেন অবৈধ ও অকার্যকর ঘোষণা করা হবে না—তা জানতে রুলের আরজি জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশন, আইনসচিব, কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) ও স্পিকারকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে।