নতুন করে প্লট না দেওয়ার ঘোষণা থাকলেও জাতীয় সংসদে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, ফ্ল্যাটের পাশাপাশি সংসদ সদস্যদের প্লটও দেওয়া হবে। সংসদে গতকাল সোমবার প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন।
অবশ্য শুরুতে মন্ত্রী সাংসদদের উদ্দেশে বলেন, রাজউকের অধীনে প্রায় এক লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে। সহজ শর্তে এসব অ্যাপার্টমেন্ট গ্রহণ করা যাবে। যেসব সাংসদ জমি চাচ্ছেন, তাঁরা জমি না নিয়ে এই সুযোগ গ্রহণ করুন, অ্যাপার্টমেন্ট নেন।
মন্ত্রীর এই বক্তব্যর সঙ্গে সঙ্গে অধিবেশনকক্ষে সাংসদেরা সমস্বরে ‘নো নো’ বলতে থাকেন। তাঁরা সবাই প্লট দাবি করেন। এ সময় কিছুক্ষণের জন্য কথা বলা বন্ধ করে দেন মন্ত্রী। পরে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে আবার বক্তব্য শুরু করে মন্ত্রী সাংসদদের উদ্দেশে বলেন, ‘অ্যাপার্টমেন্ট নেওয়ার পরেও আমি নতুন প্রকল্প নেওয়ার প্রস্তুতি গ্রহণ করছি। এটা অনেক দূর এগিয়ে গেছে। এখানে প্রায় ২ হাজার ২০০ একর জমির ওপর নতুন প্রকল্প গ্রহণ করা হবে। অ্যাপার্টমেন্ট নেওয়ার পরেও সেখানে আপনাদের প্লট দেওয়া হবে।’
অবশ্য এই প্লট কোথায় দেওয়া হবে, তা স্পষ্ট করেননি পূর্তমন্ত্রী। এর আগে গত বছরই ঘোষণা দেওয়া হয়েছিল, সরকার নতুন করে আর কোনো প্লট বরাদ্দ দেবে না। তবে সরকারের এ সিদ্ধান্তে সাংসদদের অনেকেই বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করেছেন। অনেক সাংসদ সংসদে অনির্ধারিত আলোচনায় প্লট দেওয়ার দাবি তোলেন।
তবে সাংসদদের প্লট-ফ্ল্যাট দুটোই দেওয়ার মন্ত্রীর প্রস্তাবের সমালোচনা করেছে নাগরিক সমাজ। তাদের মতে, এটা বৈষম্যমূলক সিদ্ধান্ত। রাষ্ট্রের বিপুলসংখ্যক নাগরিককে বঞ্চিত রেখে সাংসদদের প্লট দেওয়া অনৈতিক।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘জনপ্রতিনিধির অবস্থানকে ব্যক্তিগত সুবিধা অর্জনের উপায় হিসেবে নেওয়ার দৃষ্টান্ত এটি। আমাদের মতো দেশে যেখানে আবাসন খাতে বড় ধরনের সংকট, সেখানে জনপ্রতিনিধিদের ঢালাও সুবিধা দেওয়া কতটুকু যৌক্তিক, তা ভেবে দেখার বিষয়। এটা বৈষম্যমূলক সিদ্ধান্ত।’
এ ব্যাপারে স্থপতি মোবাশ্বের হোসেন প্রথম আলোকে বলেন, বাংলাদেশে একটি মারাত্মক কার্যক্রম হলো ব্যক্তি পর্যায়ে প্লট বরাদ্দ দেওয়া। প্লট বরাদ্দের মাধ্যমে আবাসিক সমস্যার সমাধান কোথাও করা যায়নি। তিনি বলেন, প্লট বরাদ্দের কাগজ বরাদ্দ মানেই অনৈতিক কাজে উৎসাহিত করা। অধিকাংশ মানুষ সেটা ডেভেলপারদের কাছে কয়েক হাজার গুণ বেশি দামে বিক্রি করছেন। এ কাগজটি হচ্ছে কালোবাজারির একটি নিয়ামক।
বাজেট আলোচনায় পূর্তমন্ত্রী সাংসদদের নিজ এলাকায় প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়ে আরও বলেন, ‘জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অধীনে পরিকল্পিত আবাসিক এলাকা গ্রহণ করছি। ইতিমধ্যে ৫৫টি এলাকায় এটি করেছি। আপনারা ২০ একরের মধ্যে প্রকল্প দেন, পরিকল্পিত আবাসিক এলাকা করতে পারবেন। খরচ দেবে গৃহায়ণ কর্তৃপক্ষ। মানুষকে শহরমুখী না হওয়ার জন্য এটা করছি।’
জিয়া কখনোই সম্মুখযুদ্ধ করেননি: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কোনো দিনই সম্মুখযুদ্ধ করেননি বলে মন্তব্য করেছেন গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘যেখানে যুদ্ধ, যেখানে গোলাবারুদ, সেখানেই উনি নাই। উনি আসলে কোনো যুদ্ধ করেননি।’
৩ বছরে ৫৫ হাজার ফ্রি ল্যান্সিং প্রশিক্ষণ: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাজেট বক্তব্য দেন। তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, আগামী তিন বছরে ৫৫ হাজার ফ্রি ল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। তথ্যপ্রযুক্তি খাত থেকে ২০২১ সাল নাগাদ ৫০০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয় করা হবে বলেও আশা করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি গ্রহণের হার সারা বিশ্বের কাছে বাংলাদেশ এখন একটি দৃষ্টান্ত। দেশের ৭৫ ভাগ মানুষ বিদ্যুৎ-সুবিধা ভোগ করছেন, ঘরে বসেই ইন্টারনেট ব্যবহার করছেন। ৪৫ ভাগ মানুষ ডিজিটাল সেন্টারের ২০ ধরনের সুবিধা ভোগ করছেন। মোবাইল ব্যাংকিংয়ে সারা বিশ্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিদিন মোবাইল ব্যাংকিংয়ে ৫০০ কোটি টাকা লেনদেন হচ্ছে।
তরিকত ফেডারেশনের এম এ আউয়াল বলেন, দেশবিরোধী নানা চক্রান্ত-ষড়যন্ত্র চলছে। নতুন আলামত গুপ্তহত্যা। দেশকে বিভক্তির মুখে ঠেলে দিতে অপরাজনীতি করা হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের এক নেতা সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন, যা দেশের সার্বভৌমত্ব-বিরোধী। এটা হালকাভাবে দেখলে চলবে না।
জাতীয় পার্টির পীর ফজলুর রহমান বলেন, আর্থিক খাত গত সাত বছরে তছনছ হয়ে গেছে। ৭ বছরে ৩০ হাজার কোটি টাকা কিছু সিন্ডিকেটের মাধ্যমে লুট করা হয়েছে। পুঁজিবাজার থেকে ১৫ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। কাউকে বিচারের আওতায় আনা হয়নি।