সংসদ সদস্যের স্টিকার লাগানো সেই গাড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ সদস্যের স্টিকার লাগানো রেঞ্জ রোভার গাড়িটি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দা দল। গতকাল শনিবার বিকেলে অ্যাপোলো হাসপাতালের পার্কিং থেকে গাড়িটি জব্দ করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে গাড়িটি জব্দ করার জন্য ঢাকা রিজেন্সি হোটেলে অভিযান চালান শুল্ক গোয়েন্দারা। কিন্তু প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের গাড়িটি আগেই সরিয়ে ফেলা হয়। গাড়িটি আরিফ মোতাহার নামে হোটেলের এক পরিচালক ব্যবহার করছিলেন। ওই দিন হোটেলটি থেকে অবৈধ মদ ও বিয়ার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা দল। হোটেলের ভিডিও ফুটেজে গাড়িটির উপস্থিতি পাওয়া যায় এবং গাড়িটিতে সংসদ সদস্যের স্টিকার লাগানো আছে, এই বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, জব্দের সময় গাড়িটিতে সংসদ সদস্যের স্টিকার পাওয়া যায়নি। অভিযানের কথা টের পেয়ে এটি খুলে ফেলা হয়েছে বলে মনে হচ্ছে। এ ছাড়া গাড়ির নম্বরপ্লেটও পরিবর্তন করা হয়েছে। পূর্বের নম্বর ছিল ঢাকা মেট্রো শ ০০-০১৫১। পরিবর্তিত নম্বর বসানো হয়েছে ঢাকা মেট্রো ম ৫০৩। কিন্তু হাসপাতালের পার্কিং রেজিস্টারে এন্ট্রি আছে পূর্বের নম্বরটি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, পার্কিং রসিদটি নিশ্চিত করে যে গাড়িটি ধাওয়া করা সংসদ সদস্যের স্টিকার লাগানো রেঞ্জ রোভারই। গাড়িটি কারনেট সুবিধায় শুল্কমুক্ত হিসেবে আনা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে এটি ফেরত যায়নি।