সংসদ হয়ে ফের ইউপিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল মালেক সরকার
আবদুল মালেক সরকার

তিনবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে একবার জিতেছিলেন। একবার সংসদ নির্বাচনে লড়াই করে হেরে যান তিনি। এবার আবার ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিনি। বারবার নির্বাচনে অংশ নেওয়া এ ব্যক্তি হলেন মুক্তিযোদ্ধা আবদুল মালেক সরকার।
বর্তমানে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) বগুড়া জেলা কমিটির সহসভাপতি ও উপজেলা জাসদের সভাপতি। তিনি দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউপির নির্বাচনে জাসদের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলার পাঁচটি ইউপিতে ২৮ মে ভোট হবে।
স্থানীয় নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আবদুল মালেক সরকার ১৯৯২ সালে গোবিন্দপুর ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৭ সালে ইউপি নির্বাচনে হেরে যান তিনি। এরপর ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে জাসদের মনোনীত প্রার্থী হিসেবে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে নির্বাচন করে হেরে যান। ২০০৩ সালে আবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হেরে যান তিনি। এবার চতুর্থবারের মতো ইউপি চেয়ারম্যান পদে জাসদের মশাল প্রতীকে নির্বাচন করছেন তিনি।
গতকাল শনিবার নির্বাচনী এলাকা সাহারপুকুর বাজারে গণসংযোগ করার সময় আবদুল মালেক সরকারের সঙ্গে কথা হয়। আবদুল মালেক বলেন, ‘ছাত্ররাজনীতি করার সময় দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। দেশের মানুষের কাজ করার জন্যই রাজনীতি করি। একবার চেয়ারম্যান থাকায় এলাকায় উন্নয়নমূলক কাজ করেছি। সেটা ভোটাররা মনে রেখেছেন। নতুন প্রজন্মের ভোটাররা আমার জন্য কাজ করছেন। সে দিক থেকে এ ইউনিয়নে আমার জনসমর্থন আছে।’ তবে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, যদি ক্ষমতাসীন দলের লোকজন ভয়ভীতি সৃষ্টি করতে না পারে, অন্য প্রার্থীরা টাকা দিয়ে ভোট কেনার সুযোগ না পায় বা ভোট কারচুপি না হয়; তবে আমি এবার নির্বাচিত হব।’
এলাকার প্রবীণ শিক্ষক লুৎফর রহমান বলেন, ‘নির্বাচনে কে জিতবে বলা যাবে না। তবে মালেক সরকার আমার ছাত্র ছিল। সে এলাকায় প্রতিবাদী হিসেবে পরিচিত। ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে সে নিজের জন্য কিছু করেনি। তবে এলাকার উন্নয়নে সে কাজ করেছে।’