সংসদও থাকবে নির্বাচনও চলবে: তোফায়েল
‘সংসদও থাকবে নির্বাচনও চলবে’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে ভোলা জেলা পরিষদ সম্মেলন কক্ষে ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এমন মন্তব্য করেন।
খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের কোনো বাস্তবতা নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীর সব দেশেই ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়। বাংলাদেশেও তাই হবে। খালেদা জিয়া যত কথাই বলুক, আগামী সংসদ নির্বাচন হবে বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে। সে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এর বাইরে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। তাঁরা আন্দোলন করে করুক। খালেদা জিয়া এ পর্যন্ত যত আন্দোলন করেছেন, কোনো আন্দোলনেই সফলতা অর্জন করতে পারেননি।’

তোফায়েল আহমেদ আরও বলেন, খালেদা জিয়া যেহেতু ২০১৪ সালে আন্দোলনের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন, তাই ভবিষ্যতেও আন্দোলন করতে গেলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন। বরং তাঁর উচিত হবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংবিধান অনুসারে যে নির্বাচন হবে তাতে অংশগ্রহণ করা। কারণ, আগামী নির্বাচন পার্লামেন্ট রেখেই সংবিধান অনুসারে অনুষ্ঠিত হবে। আর বিএনপিকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন-তজুমদ্দিন) সাংসদ আলী আজম মুকুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।