সংসদকে অপরিপক্ব বলায় ক্ষুব্ধ তোফায়েল

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এই সংসদ নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা কারও নেই। কারণ এই সংসদ ন্যায়ভাবে, গণতান্ত্রিকভাবে এবং সাংবিধানিকভাবে গঠিত হয়েছে। বর্তমান সংসদকে অপরিপক্ব বলায় ক্ষুব্ধ হয়েছি, ব্যথিত হয়েছি।
আজ বুধবার বিকেলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোশিয়েশন (বিএমএ) আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী এবং শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, সংসদ ও গণতন্ত্র নিয়ে বিএনপি যে ধরনের কথা বলে, সেই ধরনের কথাই ফুটে উঠেছে এ রায়ের মাধ্যমে।
বিএমএর সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে তোফায়েল আহমেদ বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, কোনো একক নেতৃত্বে দেশ স্বাধীন হয়নি। এই বক্তব্য যখন দেওয়া হয়, তখন ঘৃণা প্রকাশ করা ছাড়া আর কিছুই করার থাকে না।
একই অনুষ্ঠানের প্রধান বক্তা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে, একচুল ছাড় দেওয়া হবে না। কেন ছাড় দেওয়া হবে। গত নির্বাচনে ভোটার কম হয়েছিল বিএনপির জ্বালাও-পোড়াওয়ের কারণে। এবারও সংবিধান অনুয়ায়ী নির্বাচন হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, ’৭৫-এর খুনিদের আবার ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে। টাকা খরচ করা হচ্ছে। চক্রান্ত শুরু হয়ে গেছে। সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
এ কর্মসূচিতে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, বিএমএর মহাসচিব এহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ইকবাল আর্সলান।