সংসদসহ অন্যান্য নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি
জাতীয় সংসদ, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন এবং নির্বাচনের অন্যান্য প্রস্তুতি নিয়ে ‘রোডম্যাপ’ তৈরি করতে যাচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে এরই মধ্যে কমিশন সচিবালয় একটি খসড়া রোডম্যাপ তৈরি করেছে। খসড়া রোডম্যাপ অনুযায়ী, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের ২৪ জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশন বৈঠকে আলোচনা করে ঈদের পর এ রোডম্যাপ চূড়ান্ত করা হবে। আগামী রোববার এ নিয়ে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, কবে, কখন কোন নির্বাচন হবে, সে সম্পর্কিত একটি খসড়া রোডম্যাপ তৈরি করা হয়েছে। রোডম্যাপ চূড়ান্ত হওয়ার পর কমিশন সচিবালয় সে অনুযায়ী কাজ শুরু করবে। কমিশন সচিবালয় সূত্র জানায়, প্রস্তাব অনুযায়ী সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা হবে। ১৫ সেপ্টেম্বর ৩০০ নির্বাচনী আসনের খসড়া তালিকা প্রণয়ন, ৩০ সেপ্টেম্বর ৩০০ আসনের প্রাথমিক তালিকা অনুমোদন, অক্টোবরে খসড়া প্রাথমিক তালিকা প্রকাশ, নভেম্বরে আপত্তির শুনানি এবং ডিসেম্বরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আরও বলা হয়েছে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ২৫ দিন আগে রাজনৈতিক দল এবং ৩৫ দিন আগে নাগরিক সমাজের সঙ্গে কমিশনের সংলাপ হবে। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করা হবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে আইন ও বিধির খসড়া চূড়ান্ত করা হবে। ২০১৩ সালের জানুয়ারির মধ্যে প্রস্তাবিত আইনগুলো আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রস্তাবিত রোডম্যাপে আরও উল্লেখ করা হয়েছে, রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন ২০১৩ সালের ২১ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর, খুলনা সিটি নির্বাচন ১ এপ্রিল থেকে ২৭ সেপ্টেম্বর, বরিশাল সিটি নির্বাচন ১১ এপ্রিল থেকে ৭ অক্টোবর, সিলেট সিটি নির্বাচন ২১ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর এবং নতুন গঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচন চলতি বছরের ২৫ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২০১৩ সালের ২৫ জুলাই থেকে ২০১৪ সালের ২১ জানুয়ারির মধ্যে দেশের ৪৮১টি উপজেলার নির্বাচন, অক্টোবর ২০১৫ থেকে ২০১৬ সালের জানুয়ারির মধ্যে ২৭৫টি পৌরসভা এবং নভেম্বর ২০১৫ থেকে জুলাই ২০১৬ সালের মধ্যে চার হাজার ৪৩৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।