সংসদীয় আসনের সীমানা, ২১ এপ্রিল থেকে শুনানি

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ প্রস্তাবের বিপরীতে দাবি-আপত্তির আপিল শুনানি ২১ এপ্রিল থেকে শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। শুনানি শেষ হবে ২৫ এপ্রিল।
আজ সোমবার ইসির সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানান।
সচিব সাংবাদিকদের বলেন, সব আপিল আবেদন শুনানি শেষে ৩০ এপ্রিল চূড়ান্ত গেজেট প্রকাশের পরিকল্পনা আছে ইসির। নির্বাচন ভবনে বিভাগওয়ারি শুনানি হবে। ২১ এপ্রিল রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগ; ২৩ এপ্রিল খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ; ২৪ এপ্রিল চট্টগ্রাম বিভাগ এবং ২৫ এপ্রিল ঢাকা বিভাগের শুনানি অনুষ্ঠিত হবে।
হেলালুদ্দীন বলেন, ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৪০টি আসনের সীমানায় পরিবর্তন প্রস্তাব করেছে ইসি। কিন্তু আপত্তি আবেদন এসেছে ৬০টি আসনের বিষয়ে। ৬০টি আসনের সীমানা পরিবর্তনের সিদ্ধান্তের আপত্তি চেয়ে ৪০৭টি আবেদন জম পড়েছে। ২২৪টি আবেদন ইসির প্রস্তাবিত সীমানার পক্ষে সমর্থন জানিয়েছে।
সচিব বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের বিষয়ে ২০ থেকে ২৫টি প্রস্তাব রয়েছে। আজকের বৈঠকে কিছু আলোচনা হয়েছে। ১২ এপ্রিল এ বিষয়ে সিদ্ধান্ত হবে।