সংসদীয় কমিটি দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিকে রক্ষায় কাজ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, সংসদীয় কমিটির তদন্তে দুর্নীতি প্রমাণিত হলেও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। অনেক ক্ষেত্রে কমিটি দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিকে রক্ষায় কাজ করে।
‘সংসদীয় কমিটির কার্যকরতা: চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক টিআইবির একটি গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। গতকাল রোববার ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। নবম ও দশম সংসদের কমিটির ওপর গবেষণা চালিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, কমিটিতে দুর্নীতিসংক্রান্ত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্তের সংখ্যা কম। নবম সংসদে ১১টি কমিটির হিসাবে দেখা যায়, দুর্নীতি-সম্পর্কিত সিদ্ধান্ত মাত্র ৪ শতাংশ। এর কারণ রাজনৈতিক প্রভাব। যেমন, বর্তমান সংসদে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের দেওয়া ক্রেস্ট জালিয়াতির ঘটনা তদন্ত করে মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটি আগের প্রতিমন্ত্রীকে নির্দোষ বলেছে। কারণ, আগের প্রতিমন্ত্রী বর্তমানে এই কমিটির সভাপতি।
নবম সংসদে আটটি কমিটিতে ১৯ জন সাংসদের ব্যবসায়িক স্বার্থ জড়িত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, দশম সংসদে তিনটি কমিটিতে চারজন সদস্যের ব্যবসায়িক স্বার্থ জড়িত রয়েছে। এ ছাড়া আইনের সীমাবদ্ধতা, আইন প্রয়োগের ঘাটতি, রাজনৈতিক সদিচ্ছার অভাব, মন্ত্রণালয়ের অসহযোগিতা ইত্যাদি কারণে কমিটিগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। নবম সংসদে ১১টি কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ৪১ শতাংশ।
নাম প্রকাশ না করে একজন সাবেক সাংসদ ও কয়েকজন সংসদ বিশেষজ্ঞের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কমিটিতে দলীয় প্রধান ও দলীয় সিদ্ধান্তের প্রভাব কাজ করে। সভাপতিকে সংসদ নেতার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়।
অনুষ্ঠানে টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান বলেন, ১৯৯১ সাল থেকে সব ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রীভূত। তিনিই একাধারে দলের প্রধান, সরকারপ্রধান, আবার সংসদ নেতাও। এম হাফিজউদ্দিনের অভিযোগ, দেশে নির্বাচিত একনায়কতন্ত্র চলছে; যে কারণে সংসদীয় কমিটি কার্যকর হতে পারছে না।
অবশ্য টিআইবির এই প্রতিবেদনকে বাস্তবসম্মত নয় বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। তিনি প্রথম আলোকে মুঠোফোনে বলেন, অতীতে সংসদীয় কমিটির সভাপতি হতেন মন্ত্রীরা। বর্তমানে সদস্যরা কমিটির সভাপতি হন। এমনকি বিরোধীদলীয় সদস্যরাও কমিটির সভাপতি হন। অষ্টম সংসদে সংসদীয় কমিটি গঠিত হয়েছিল আড়াই বছর পর। নবম ও দশম সংসদের প্রথম অধিবেশনেই সব কমিটি গঠন করা হয়। এর সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় হয়েছে।