সংসদীয় কমিটির বৈঠকে সংবাদকর্মীদের অংশগ্রহণ নিশ্চিতের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদীয় কমিটির বৈঠকে সংবাদকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশ করেছেন সাংসদ ও বিশেষজ্ঞরা। কমিটির কাজে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে তাঁরা এই সুপারিশ করেছেন।

আজ বৃহস্পতিবার বেসরকারি প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত কর্মশালায় তাঁরা এই মত দেন। সংসদ ভবনের আইপিডি সম্মেলন কক্ষে ‘সংবাদমাধ্যমের বীক্ষণে সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বৈশাখী টেলিভিশনের এডিটর ইন চিফ মনজুরুল আহসান বুলবুলের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সংসদীয় কমিটির তথ্য গণমাধ্যমের কাছে সহজে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে স্পিকার বলেন, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সংসদীয় কমিটি। সেজন্য কমিটিগুলোর ভিত মজবুত করার দরকার। কমিটিতে আলোচিত বিষয়গুলো সাংবাদিকদের সুষ্ঠুভাবে ব্রিফ করা হয় না বলেই মাঝেমধ্যে ভুল সংবাদ পরিবেশন হয়।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সংসদের ভেতরের বিষয় উন্মুক্ত। অথচ কমিটির বৈঠক হয় গোপনে। জনগণের চোখের সামনে কমিটির বৈঠক না হওয়াটা অগণতান্ত্রিক। বৈঠকে কোনো একটি বিষয়ে সরকারি দলের সদস্যরা কী বলছেন, বিপরীতে বিরোধী দলের সদস্যরা কী বলছেন, তা জানার কোনো উপায় থাকে না। বৈঠকের পর কমিটির পক্ষ থেকে সাদামাটা যে ব্রিফিং হয়, তা যথেষ্ট নয়।

কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান বলেন, সংসদের অধিবেশন টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছে। অথচ কমিটির বৈঠক হচ্ছে গোপনে। সরকারের জবাবদিহি নিশ্চিতের জন্য কমিটির বৈঠকে গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিত করা দরকার। এ জন্য স্পিকার কার্যপ্রণালি বিধি সংশোধনের উদ্যোগ নিতে পারেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, সংসদের ফ্লোরে সাংসদদের দেওয়া কোনো বক্তব্য আদালতে চ্যালেঞ্জ করা যায় না। সাংসদেরা এই সুবিধা পেয়ে থাকেন। কিন্তু তাঁদের বক্তব্য সরাসরি বা হুবহু প্রকাশ করার ক্ষেত্রে সাংবাদিকেরা কোনো প্রোটেকশন পান না। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। সাবের হোসেন জানান, সংবাদকর্মীদের সুরক্ষা দিতে সংসদের আগামী অধিবেশনে তিনি একটি বেসরকারি বিল উত্থাপন করবেন।

জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক বলেন, কমিটির বৈঠকে সাংবাদিকেরা উপস্থিত থাকলে সাংসদেরা অধিক দায়িত্বশীল হবেন এবং কমিটির কর্মকাণ্ড সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে।

কর্মশালায় গবেষণাপত্র উপস্থাপন করেন ‘ডেইলি স্টার’-এর উপসম্পাদক শাহরিয়ার খান। কৃষি, স্থানীয় সরকার এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক সম্পর্কে ১০টি জাতীয় দৈনিক ও চারটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত/প্রচারিত সংবাদের ওপর ভিত্তি করে গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনের সুপারিশে সংসদ-বিষয়ক সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমের কর্মীদের আদালত অবমাননার ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া কমিটির সভার কার্যবিবরণী পরবর্তী সভায় অবমুক্ত করা এবং সভায় আলোচ্য বিষয়-সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানোর সুপারিশ করা হয়।

কর্মশালায় আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ বি এম আনোয়ারুল হক, সাংসদ শাহ জিকরুল আহমদ ও নারায়ণচন্দ্র চন্দ, সংসদ সচিব মাহফুজুর রহমান, ইউএসএইডের পরিচালক রিচার্ড গ্রিন,    প্রথম আলো’র সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, ডি-নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান, ‘দৈনিক মানবকণ্ঠ’-এর সম্পাদক শাজাহান সরদার, এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান প্রমুখ।