সংসদীয় কমিটির সদস্যদের জেলায়ও সমাজসেবা ভবন করার প্রতিশ্রুতি!
সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির ১০ সদস্যের জেলায় একটি করে সমাজসেবা ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে নীতিমালা ছাড়াই ২২ জেলায় সমাজসেবা ভবন নির্মাণের বিষয়ে কমিটি প্রশ্ন তুললে এ প্রতিশ্রুতি দেওয়া হয়।
বৈঠকে মন্ত্রণালয় রাজনৈতিক চাপের কথা জানিয়ে বলেছে, কমিটির সদস্যদের জেলায় সমাজসেবা ভবন নির্মাণ-সংক্রান্ত প্রস্তাব আগামী একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) সভায় উত্থাপন করা হবে। বৈঠকসংশ্লিষ্ট সূত্রে এসব কথা জানা গেছে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ২২ জেলার সমাজসেবা ভবন নির্মাণ প্রকল্পের ডিপিপি (বিস্তারিত প্রকল্প প্রস্তাব) চূড়ান্ত পর্যায়ে আছে। এর মধ্যে ঢাকা বিভাগে ১০টি, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর নিজ বিভাগ সিলেটে তিনটি, চট্টগ্রামে তিনটি, বরিশালে তিনটি এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে একটি করে ভবন রয়েছে।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে কমিটির সদস্যরা প্রশ্ন তোলেন, কী ধরনের নীতিমালার ভিত্তিতে বিভাগওয়ারি ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়েছে? ঢাকা বিভাগে কেন ১০টি ভবন হবে? তাঁরা বলেন, পিছিয়ে পড়া এলাকায় এসব ভবন করা উচিত। জবাবে মন্ত্রী সৈয়দ মহসিন আলী কমিটিকে জানান, তাঁর ওপর রাজনৈতিক চাপ আছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু তাঁর এলাকায় একটি ভবন নির্মাণের জন্য বলেছেন। যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীসহ আরও অনেকের তদবির আমলে নিতে হয়েছে।
বৈঠকের বিষয়ে কমিটির সদস্য হাবিবে মিল্লাত সাংবাদিকদের বলেন, বৈঠকে কোনো ধরনের নীতিমালা ছাড়া সমাজসেবা ভবন নির্মাণের বিষয়ে কমিটির সদস্যরা আপত্তি তোলেন। তবে শেষ পর্যন্ত কমিটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে নিয়েছে। এ বিষয়ে জানতে সমাজকল্যাণমন্ত্রীর মুঠোফোনে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।
মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সৈয়দ মহসিন আলী, প্রমোদ মানকিন, হাবিবে মিল্লাত, পীর ফজলুর রহমান, আবদুল মতিন, লুৎফা তাহের প্রমুখ অংশ নেন।