কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ২৬তম সেমিনারের দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার আলোচকেরা বলেছেন, সংসদীয় গণতন্ত্রের বিকাশে রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে হবে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ শীর্ষক এই সেমিনার চলছে। গতকাল ‘সংসদ সদস্য ও রাজনৈতিক দল’ শীর্ষক অধিবেশনে মুখ্য আলোচক ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এবং সোয়াজিল্যান্ডের সংসদ সদস্য ও সিপিএ সেক্রেটারিয়েটের প্রতিনিধি মারউইক টি খুমালো।
অধিবেশনে মূল আলোচক ও অন্যান্য দেশের আইনসভার সদস্যরা বলেন, কার্যকর রাজনৈতিক দল গঠনে অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চা অপরিহার্য। নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা শীর্ষক অধিবেশনে সভাপতিত্ব করেন স্কটল্যান্ডের মার্গারেট ম্যাককুলচ। এতে মুখ্য আলোচক ছিলেন ভারতের ভেঙ্কটেশ নায়েক। আলোচনায় সাংসদেরা সংসদীয় নীতিনৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিকে সুশাসনের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তাঁরা সাংসদের দায়িত্ব ও কর্তব্য, তথ্য অধিকার আইন কার্যকর করা এবং সংসদে আলোচিত বিষয়ের সংরক্ষণ ও প্রচারের ওপর গুরুত্ব আরোপ করেন।
অধিবেশনগুলোতে জাতীয় সংসদের স্পিকার ও সিপিএর চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন। সেমিনার চলবে ২১ মে পর্যন্ত।