সংসদীয় রীতিকেও অবজ্ঞা তাঁর!
ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী সংসদীয় রীতিনীতিকেও অবজ্ঞা করেছেন। নবম ও দশম সংসদে সরকারের তিনিই একমাত্র মন্ত্রী, যাঁর প্রস্তাবে সংসদে দুটি আইন ভুলভাবে পাস হয়েছিল। এর মধ্যে একটি আইনের জন্য সরকারি গুদাম থেকে পাট রপ্তানি ও সরবরাহের কাজ নয় মাস বন্ধ ছিল।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শেষ পর্যন্ত স্পিকারের ক্ষমতা প্রয়োগ এবং নতুন বিল আনার মাধ্যমে আইন দুটি সংশোধন করা হয়।
নবম সংসদে বস্ত্র ও পাটমন্ত্রী থাকা অবস্থায় আবদুল লতিফ সিদ্দিকীর প্রস্তাবে ভুলভাবে আইন পাস হয়েছিল। ২০০৯ সালের ১২ অক্টোবর সংসদে ‘দি জুট’ (সংশোধন) বিল পাস করা হয়। ‘মণ’কে ‘কেজি’তে রূপান্তরের জন্য ওই বিল আনা হয়। বিলে ‘পাঁচ’ মনের পরিবর্তে ‘১৫০ কেজি’ করা হয়। বাস্তবে যা হওয়ার কথা ১৮২ দশমিক ২৫ কেজি। বিলটি পাসের পর নয় মাস গুদামে পাটের বেল বাঁধার কাজ বন্ধ থাকে। কারণ বেল বাঁধার যন্ত্রগুলো পাঁচ মণের উপযোগী। এতে সরকারি গুদাম থেকে পাট রপ্তানি ও সরবরাহের কাজ বন্ধ হয়ে যায়।
এই ভুলের পর মন্ত্রী সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে বিলটি সংশোধন করে দেওয়ার অনুরোধ জানান। জবাবে সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বিল পাস হয়ে গেছে এবং তাতে রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন। সুতরাং সংশোধন করতে হলে নতুন করে বিল আনতে হবে।
শেষ পর্যন্ত আইনটি সংশোধনের জন্য ২০১০ সালের ৭ জুন নতুন করে বিল উত্থাপিত হয় এবং ১৩ জুলাই তা পাস হয়।
গত ৩ সেপ্টেম্বর সংসদে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ বিল ২০১৪ পাস হয়। সংসদীয় রীতি অনুযায়ী কোনো সদস্য সংশোধনী প্রস্তাব দিলে, সেই প্রস্তাব গ্রহণ করার আগে তা আইনসম্মত কি না, সে বিষয়ে মন্ত্রী আইন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে নেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, হাইটেক পার্ক বিল পাসের দিন স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিম বিলের ৮ ধারার ১ দফায় ‘সরকার’ শব্দের পরিবর্তে ‘বোর্ড অব গভর্নরস’ করার প্রস্তাব করেন। ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী কোনো ধরনের সাচিবিক সহায়তা না নিয়েই সেই প্রস্তাব গ্রহণ করেন এবং বিলটি পাস হয়ে যায়। বিল পাসের পর দেখা যায়, একই ধারায় আরও তিন জায়গায় ‘সরকার’ শব্দ রয়েছে, যাতে কোনো সংশোধনী আনা হয়নি। পরে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা এ বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি কার্যপ্রণালি বিধির ৯২ ধারার ক্ষমতাবলে ত্রুটি সংশোধন করে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠান।
গত রোববার নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাংবাদিকদের সম্পর্কে নানা বিরূপ মন্তব্য করেন। তাঁর মন্তব্যে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।