সংসদীয় আসন পুনর্বিন্যাস প্রতিবাদে ভেদরগঞ্জে হরতাল পালন
সংসদীয় আসন পুনর্বিন্যাসের উদ্যোগের প্রতিবাদে গতকাল বুধবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সদর ও চারটি ইউনিয়নে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হয়েছে। ভেদরগঞ্জ রক্ষা সংগ্রাম পরিষদ এ হরতাল কর্মসূচি আহ্বান করে।শরীয়তপুর-৩ আসনে থাকা চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা শরীয়তপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। হরতাল চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভেদরগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ করে। উপজেলা সদরের সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। হরতালের কারণে চট্টগ্রাম-মংলা সড়কে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী শত শত গাড়ি আটকা পড়ে। ভেদরগঞ্জ রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র আবদুল মান্নান হাওলাদার বলেন, গত নির্বাচনে উপজেলার নয়টি ইউনিয়ন শরীয়তপুর-২ আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এখন আবার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা শরীয়তপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করলে কঠোর আন্দোলনের মাধ্যমে ভেদরগঞ্জকে অচল করে দেওয়া হবে।