সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে সরকারের কাছে নতুন আইন প্রণয়নের সুপারিশ করবে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই আইনের খসড়াও এরই মধ্যে তৈরি করেছে কমিশন। খতিয়ে দেখার পর চূড়ান্ত খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।খসড়ায় রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে আসন যাতে আর না বাড়ে, সে প্রস্তাব করা হবে। বিধান অনুযায়ী আইনটি পাস হলে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ অধ্যাদেশ, ১৯৭৬ বাতিল হয়ে যাবে। এ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা প্রথম আলোকে বলেন, ১৯৭৬ সালের আইনের সঙ্গে খসড়া আইনটির মৌলিক কোনো পার্থক্য নেই। তবে পুরোনো আইনটি ধরে সীমানা বিন্যাস করতে গেলে কিছু সমস্যা তৈরি হয়। সে জন্যই কমিশন নতুন আইন তৈরির সুপারিশ করবে।প্রস্তাবিত আইনে বলা হয়েছে, প্রথমে জেলার জন্য সংসদীয় আসনের কোটা নির্ধারণ করে তার ভিত্তিতে আসনের সীমানা বিন্যাস করা হবে। সর্বশেষ আদমশুমারি প্রতিবেদন প্রকাশের তারিখ থেকে পরবর্তী এক বছরের মধ্যে আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। তবে আদমশুমারি প্রতিবেদন প্রকাশের আগে যদি সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে থাকে, সে ক্ষেত্রে নির্বাচন শেষ হওয়ার পরবর্তী এক বছরের মধ্যে আসনের সীমানা বিন্যাসের কাজ শেষ করতে হবে।খসড়া আইনে আরও বলা হয়েছে, জেলা পর্যায়ের আসন বণ্টনের জন্য আলাদা বিধি প্রণয়ন করা হবে। আর এই বিধি প্রণয়নের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে থাকবে। সূত্র জানিয়েছে, ওই বিধিতে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে আসন যাতে আর না বাড়ে, সে প্রস্তাব করা হবে। কমিশনের মতে, জনসংখ্যার হিসাবে বিন্যাস করা হলে ভবিষ্যতে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে আসনসংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। সে ক্ষেত্রে দেশের অন্যান্য এলাকায় আসন কমে যাবে।বিদ্যমান আইনে সর্বশেষ আদমশুমারি প্রতিবেদনের ভিত্তিতে আসনবিন্যাসের বিষয়টি বিবেচনায় রাখার কথা বলা হয়েছে। কিন্তু আদমশুমারি প্রতিবেদন প্রকাশিত না হলে বা প্রতিবেদন প্রকাশের আগে নির্বাচনের তফসিল ঘোষিত হলে করণীয় কী হবে, সে সম্পর্কে কিছু বলা নেই। ২০০১ সালের আদমশুমারি প্রতিবেদনের ভিত্তিতে ২০০৮ সালে ইসি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করেছিল।