সংসদীয় উপকমিটির কাছে এক মাস সময় চেয়েছে হলমার্ক
সম্পদ ও দায়ের হিসাব এবং প্রতিষ্ঠান-সম্পর্কিত দলিল-দস্তাবেজ জমা দেওয়ার জন্য সংসদীয় উপকমিটির কাছে এক মাস সময় চেয়েছে হলমার্ক গ্রুপ। হলমার্কের পক্ষ থেকে এ সম্পর্কিত একটি চিঠি গতকাল বৃহস্পতিবার বিকেলে বাহক মারফত জাতীয় সংসদের কমিটি শাখা-৫-এ পৌঁছে দেওয়া হয়।সংসদ সচিবালয় সূত্র জানায়, সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন) শাখা থেকে হলমার্কের ঋণ কেলেঙ্কারি তদন্তে গঠিত সংসদীয় উপকমিটির প্রধান তাজুল ইসলাম বরাবর লেখা এ চিঠিতে স্বাক্ষর করেছেন হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ। চিঠিতে বলা হয়েছে, সংসদীয় উপকমিটি যে পরিমাণ তথ্য চেয়েছে, তা এত অল্প সময়ের মধ্যে সরবরাহ করা সম্ভব নয়। এক মাস সময় দেওয়া হলে হলমার্কের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ও হিসাব-নিকাশ জমা দেওয়া সম্ভব হবে।২ অক্টোবর সংসদীয় উপকমিটির বৈঠকে তানভীর মাহমুদকে গতকালের মধ্যে হলমার্ক ও এর সহযোগী প্রতিষ্ঠানের অডিটের হিসাব বিবরণী (ব্যালেন্স শিট), আয়কর বিবরণী, বিভিন্ন প্রকল্পের প্রোফাইল, জমির দাগ ও খতিয়ান, বন্ধকি সম্পত্তির পরিমাণ, যাবতীয় জমির ক্রয়মূল্য ও বর্তমান বাজারদর-সম্পর্কিত তথ্য এবং যাবতীয় সম্পদের হিসাব জমা দিতে বলা হয়। এ ছাড়া কোন কারখানায় কী কী যন্ত্রপাতি আমদানি করা হয়েছে, তৈরি পণ্যের মজুদ, রপ্তানির পরিমাণ এবং মোট দায়ের হিসাবও জমা দিতে বলা হয়।প্রসঙ্গত, সোনালী ব্যাংকের দায় পরিশোধের জন্য এর আগে তানভীর মাহমুদ ২০ বছর সময় চেয়েছিলেন। জানতে চাইলে গতকাল সংসদীয় উপকমিটির আহ্বায়ক তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এই আবেদন গ্রহণযোগ্য নয়। কারণ, ৪ অক্টোবরের মধ্যে সম্পদ ও দায়ের হিসাব জমা দেওয়ার ব্যাপারে তানভীর মাহমুদ কমিটির কাছে অঙ্গীকার করেছিলেন। এখন এক মাসের সময় চাইলে তো হবে না।’ তিনি জানান, এ বিষয়ে করণীয় সম্পর্কে কমিটির পরবর্তী বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।