সংসদীয় ককাসের আদিবাসী গ্রাম পরিদর্শন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া আদিবাসী গ্রাম হাবীবপুর চিড়াকুটা পরিদর্শন করেছেন আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের সদস্যরা। গতকাল সোমবার তাঁরা গ্রামটি পরিদর্শন করেন।
ককাসের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানও ওই গ্রামে যান। এ সময় আয়োজিত এক সভায় তিনি বলেন, জমির মালিকানা বিষয়ে আদালত থেকে ফয়সালা না হওয়া পর্যন্ত পার্বতীপুর উপজেলার হাবীবপুর মৌজার বিরোধপূর্ণ জমিতে আদিবাসী বা বাঙালি মুসলমান কোনো পক্ষই চাষ করতে যাবে না। জেলা প্রশাসকের তত্ত্বাবধানে জমি চাষ হবে।
আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক সাংসদ ফজলে হোসেন বাদশার নেতৃত্বে গতকাল বিকেল তিনটায় একটি প্রতিনিধিদল ওই গ্রামে আসে। সেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ছাড়াও পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান, কেন্দ্রীয় আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সাংসদ মনোরঞ্জন শীল, ককাসের টেকনোক্রেট কো-অর্ডিনেটর অধ্যাপক মেজবাহ কামাল উপস্থিত ছিলেন।
সভায় আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস দলের কোনো সদস্য বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। মন্ত্রী একাই ৩৫ মিনিট বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, ২৪ জানুয়ারি এখানে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। ঘটনায় উভয় পক্ষের দায়ের করা মামলা প্রসঙ্গে বলেন, ‘ঘটনায় নিহতের পরিবারের পক্ষে ২৮ জন আদিবাসীকে আসামি করে মামলা হয়েছে। কিন্তু নিশ্চয়ই ২৮ জনের তিরের আঘাতে সে মারা যায়নি। অন্যদিকে আদিবাসীদের পক্ষে ৩ হাজার ৭৪ জনকে আসামি করে যে মামলা হয়েছে, এটাও অতিরঞ্জিত।’ এ অবস্থায় তিনি ঘটনার সঙ্গে জড়িত ছাড়া কোনো নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে ব্যাপারে পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দেন।
আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বলেন, ‘ আসলে কিছু করার ছিল না। তবে ৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আমরা এ বিষয়ে বিস্তারিত কথা বলব।’