সংসদীয় কমিটি আবারও তলব করবে দুদককে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ডাকে সাড়া দেয়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত থাকার জন্য আগেভাগে চিঠি দেওয়া হলেও কমিশনের কেউ আসেননি। তাই সংস্থাটিকে আবারও তলব করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, দুদকের তদন্তে বেসিক ব্যাংকের বিভিন্ন অনিয়মের সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। কিন্তু কমিটির কাছে যেসব প্রমাণ রয়েছে তাতে দেখা গেছে ওই সব অনিয়মের সঙ্গে পরিচালনা পর্ষদ জড়িত। নিয়োগ, ঋণ বিতরণ ও অবৈধ উপায়ে টাকা উত্তোলনসহ বিভিন্ন প্রমাণও কমিটির হাতে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটির বৈঠকে দুদককে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

তিনি আরও বলেন, কমিটির হাতে থাকা প্রমাণের একটি সারসংক্ষেপ তৈরি করে দুদকের সঙ্গে বৈঠক করা হবে। সে জন্য তাদের পরবর্তী বৈঠকে আবারও ডাকা হবে।

এ ছাড়া বৈঠকে ব্যাংক ঋণের সুদের হার নিয়ে অসন্তোষ প্রকাশ করে তা কমানোর সুপারিশ করা হয়। এ বিষয়ে কমিটির পরবর্তী বৈঠকে বেসরকারি ব্যাংকগুলোর প্রতিনিধিদেরও ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিটির সভাপতি জানান।

অন্যান্যের মধ্যে কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, আবদুল ওয়াদুদ, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, শওকত চৌধুরী ও আখতার জাহান এ বৈঠকে অংশ নেন।