বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান রাখার জন্য বিদেশি বন্ধু ও সংগঠনকে প্রদান করা ক্রেস্টে স্বর্ণ কম দেওয়া ও বেশি বিল আদায়ের বিষয়টি তদন্ত করতে সংসদীয় কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী পয়েন্ট অব অর্ডারে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি অতিথিদের ক্রেস্টে ভেজাল স্বর্ণ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এ দাবি জানান।
সাংসদ রুস্তম আলী ফরাজী বলেন, ‘বিদেশি রাষ্ট্রনায়ক, বন্ধু ও সংগঠনকে শিল্পী-সাহিত্যিকদের যেসব ক্রেস্ট দেওয়া হয়েছে তার ১২ আনাই মিছে। এ ঘটনায় সারা পৃথিবীতে আমাদের মাথা নিচু হয়ে গেছে।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নিশ্চয়ই এ ঘটনায় কেউ না কেউ জড়িত রয়েছে। এ কারণে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দিয়ে তদন্ত কমিটি গঠন করলে চলবে না। উচ্চপর্যায়ের কমিটি গঠন করতে হবে। তিনি স্পিকারের নেতৃত্বে সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব করেন।
গত সোমবার বিদেশি বন্ধু ও সংগঠনকে প্রদান করা ক্রেস্টে স্বর্ণ কম দেওয়া ও বেশি বিল আদায় তদন্ত করতে ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত রোববার প্রথম আলোতে এ নিয়ে শীর্ষ সংবাদ ছাপা হয়েছিল।