জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বিদেশ সফরের জন্য টাকা বরাদ্দ করেনি অর্থ মন্ত্রণালয়। গতকাল রোববার সংসদীয় কমিটিকে এই তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। যে কারণে আগামী অক্টোবর-নভেম্বরে এই কমিটির সদস্যদের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে।
সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে গতকাল এই তথ্য জানা যায়। বৈঠক সূত্র জানায়, এ সম্পর্কিত তথ্যটি জানার পর কমিটির সদস্যদের কারও কারও মন খারাপ হয়ে গেছে। বৈঠকের আলোচ্যসূচিতে বিদেশ সফরের বিষয়টি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত এ নিয়ে কোনো আলোচনা হয়নি।
প্রথম আলোতে ২৫ আগস্ট ‘মন্ত্রণালয়ের টাকায় ১৫ সংসদীয় কমিটির বিদেশ সফর’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
১ আগস্ট অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদীয় কমিটির বিদেশ সফরকে নিরুৎসাহিত করে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেন। একই চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর দপ্তরেও পাঠানো হয়। চিঠিতে অর্থমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের টাকায় কমিটিগুলোর বিদেশ সফরের কারণে সরকারের আর্থিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি গত বছর চীন ও ভিয়েতনাম সফর করে। গতকালের বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, এই কমিটি তাদের আগের বৈঠকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের জন্য টাকা বরাদ্দের সুপারিশ করে। জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, আগামী অক্টোবর-নভেম্বরে সংসদীয় কমিটির সব সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও অন্য কর্মকর্তাদের বিদেশ সফরের সূচি তৈরি করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছিল। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়কে আগের সফরে খরচ না হওয়া এক কোটি টাকা বরাদ্দের জন্য চিঠি দেওয়া হয়েছে। কিন্তু ২ আগস্ট অর্থ বিভাগ চিঠি দিয়ে জানিয়েছে, সংসদীয় কমিটি কী ধরনের ক্ষেত্রে বিদেশ সফর করবে, কাজের গুরুত্ব ও আর্থিক সক্ষমতা বিচার করে তা ঠিক করে দেবেন স্পিকার। অর্থ বিভাগের এই প্রস্তাব গৃহীত হলে অর্থ বিভাগ থেকে টাকা বরাদ্দের আর প্রয়োজন হবে না। বাজেট সংশোধন করে চলতি অর্থবছরেই সংসদের অনুকূলে বিদেশ ভ্রমণের জন্য টাকা বরাদ্দ করা যাবে। এই আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বিদেশ সফরের জন্য টাকা বরাদ্দ করা হয়নি।
বৈঠকে লিখিত আকারে জনপ্রশাসন মন্ত্রণালয় আরও জানায়, এরপর ১১ আগস্ট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সংসদীয় কমিটির বিদেশ সফরের জন্য টাকা চেয়ে অর্থ বিভাগকে আবার চিঠি দেওয়ার নির্দেশ দেন। চলতি অর্থবছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভ্রমণ খাতে অতিরিক্ত ১ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দের জন্য অর্থ বিভাগকে অনুরোধ জানানো যেতে পারে বলে মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে প্রস্তাব দেয়।