সংসদীয় কমিটিকে সফরে অর্থ বরাদ্দ দেয়নি মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বিদেশ সফরের জন্য টাকা বরাদ্দ দেয়নি অর্থ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে। 

গত ১৯ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য খালিদ মাহমুদ চৌধুরী রেলের উন্নয়নে জাপানসহ অন্যান্য উন্নত দেশের রেলপথ ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করে এসে সরকারকে পরামর্শ দেওয়ার আগ্রহ প্রকাশ করলে কমিটি তা গ্রহণ করে। আজ মন্ত্রণালয় কমিটিকে জানায়, সংসদীয় কমিটির বিদেশ সফরের জন্য অর্থ মন্ত্রণালয় টাকা দিতে সম্মত হয়নি।
জানতে চাইলে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, না দিলে কিছু করার নেই। তবে অর্থ বিভাগ কোনো কোনো মন্ত্রণালয়ের কমিটির জন্য টাকা দেবে, আবার কোনো কোনো কমিটির জন্য দেবে না, এটা বৈষম্য।
বৈঠকে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দ্রুতগতির ইলেকট্রিক ট্রেন চালুর বিষয়ে আলোচনা হয়। ফজলে করিম বলেন, কমিটি দ্রুতগামী ট্রেন চালুর সঙ্গে প্লাটফরমে যাত্রীদের জন্য উন্নতমানের সুযোগ-সুবিধা রাখার সুপারিশ করে। এ ছাড়া ঢাকার চারপাশে বৃত্তাকারে টেন সার্ভিস চালুর বিষয়ে আলোচনা করা হয়।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে রেলের জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার এবং খালি জমিতে বাণিজ্যিক ভবন নির্মাণের সুপারিশ করা হয়।
ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রেল মন্ত্রী মুজিবুল হক, মোসলেম উদ্দীন, খালিদ মাহমুদ চৌধুরী, আলী আজগর, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান ও ইয়াসিন আলী অংশ নেন।