সংসদীয় কমিটিতে টেলিযোগাযোগ মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে ক্ষোভ
সংসদীয় কমিটির টানা তিনটি বৈঠকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। মন্ত্রীর লাগাতার অনুপস্থিতিতে কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মত দেন কমিটির সদস্যরা।সংসদ ভবনে গতকাল রোববার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হুইপ আ স ম ফিরোজ, আবদুল কুদ্দুস, খালিদ মাহ্মুদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন রতন ও গোলাম মোস্তফা অংশ নেন। এ ছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, একটানা তিনটি বৈঠকে মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে কমিটির সদস্য আবদুল কুদ্দুস ও খালিদ মাহমুদ চৌধুরী প্রশ্ন তোলেন। এ সময় তাঁরা দুজনেই বলেন, এভাবে যদি মন্ত্রী অনুপস্থিত থাকেন তবে আগামী বৈঠকে তাঁকে আর ডাকার প্রয়োজন নেই।বৈঠকের পর হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, কমিটির সভায় মন্ত্রীর উপস্থিত না হওয়া নিয়ে কথা হয়েছে। কমিটির তিনটি সভায় মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন কমিটির সদস্যরা। ইনু বলেন, তবে এটাও ঠিক যে অন্যান্য মন্ত্রণালয়ের চেয়ে এ মন্ত্রণালয়ের কাজে অগ্রগতি সন্তোষজনক। হাসানুল হক ইনু বলেন, কমিটির সদস্যরা মনে করেন, মন্ত্রণালয় যতটুকু কাজ করছে তা আরও গতিশীল করতে সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রীর উপস্থিতি প্রয়োজন।কমিটির সদস্য গোলাম মোস্তফা এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে কমিটির কয়েকজন সদস্য প্রশ্ন তুলেছেন।