সংসদীয় কমিটিতে লিখিত বক্তব্য দিতে চান ফখরুদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষকদের সঙ্গে সেনাসদস্যদের সহিংস ঘটনা সম্পর্কে লিখিতভাবে সংসদীয় কমিটির কাছে বক্তব্য দিতে চান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। তবে কমিটি তাঁকে এবং তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদকে কমিটির কাছে উপস্থিত হয়ে বক্তব্য দিতে বলেছে। এ জন্য প্রয়োজনে তাঁদের সময় দেওয়ার চিন্তা করা হচ্ছে। জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির আগামী ১৮ এপ্রিলের সভায় বক্তব্য দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও মইন উ আহমেদকে চিঠি দেওয়া হয় গত ২৯ মার্চ। সংসদ সচিবালয়ের কমিটি শাখা-৭ থেকে জ্যেষ্ঠ সহকারী সচিব শাহ মাহমুদ সিদ্দিক স্বাক্ষরিত এ দুটি চিঠি পাঠানো হয়।ঠিকানা না পাওয়ায় ফখরুদ্দীন আহমদের চিঠি পাঠানো হয় মন্ত্রিপরিষদ বিভাগে এবং মইন উ আহমেদের চিঠি পাঠানো হয় সশস্ত্র বাহিনী বিভাগে। এ দুজনই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।জানা গেছে, ফখরুদ্দীন আহমদের চিঠি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রথমে তাঁর ধানমন্ডির বাসার ঠিকানায় পাঠানো হলে তা ফেরত আসে। এরপর তা বার্তাবাহকের মাধ্যমে তাঁর মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে বাড়ি তালাবদ্ধ থাকায় চিঠিটি ওই বাড়িতে ঝুলিয়ে রেখে আসা হয়।পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব এম এইচ জাভেদ সে দেশে অবস্থানরত ফখরুদ্দীন আহমদের হাতে চিঠিটি তুলে দেন। ওই সময় তিনি এ ব্যাপারে লিখিত বক্তব্য দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। সংসদীয় উপকমিটির সভাপতি রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, ফখরুদ্দীন আহমদ লিখিতভাবে নয়, সশরীরে এসে সভায় বক্তব্য দেবেন বলে কমিটি আশা করে। এ জন্য প্রয়োজনে কমিটি আরও সময় দেবে। এর আগে মইন উ আহমেদ তাঁর প্রতিনিধির মাধ্যমে কমিটির একজন কর্মকর্তার কাছে পাঠানো এক প্রস্তাবে বলেন, তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির কাছে বক্তব্য দিতে চান। তবে কমিটি তাঁকে লিখিতভাবে বক্তব্য জানাতে বলেছে। একই সঙ্গে কমিটির সভায় উপস্থিত হয়ে তাঁর বক্তব্য দিতে বলা হয়েছে।