সংসদীয় কমিটির ক্ষমতা বাড়াতে একমত সভাপতিরা
সংসদীয় কমিটির ক্ষমতা বাড়াতে আইন প্রণয়নের ব্যাপারে একমত হয়েছে জাতীয় সংসদের সব সংসদীয় কমিটি। কমিটির নির্দেশ না মানলে আইনে শাস্তির বিধান রাখারও সুপারিশ করা হয়েছে।গতকাল মঙ্গলবার সংসদ ভবনে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির নেতৃত্বে সব সংসদীয় কমিটির সভাপতিদের সভায় এ সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।সভা সূত্রে জানা গেছে, বৈঠকে উপস্থিত একাধিক সদস্য কমিটির নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান করার দাবি জানান। তাঁরা বলেন, সংসদ সব ক্ষমতার মালিক হলেও কথায় কথায় সংসদের সমালোচনা করা একশ্রেণীর মানুষের ফ্যাশন হয়ে গেছে। গণতন্ত্রকে শক্তিশালী করতেই এ ধরনের আইনের প্রয়োজন বলে মত দেন তাঁরা।বৈঠক শেষে সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, কোনো ব্যক্তি কমিটির ডাকে না এলে সে জন্য শাস্তির বিধান রাখার পক্ষে মত দিয়েছেন বিভিন্ন কমিটির সভাপতিরা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, কাউকে কমিটির বৈঠকে দুবার ডাকার পর না এলে তৃতীয় দফায় পুলিশের সাহায্যে তাঁকে হাজির করা হবে। সে ক্ষেত্রে ওই ব্যক্তির বিরুদ্ধে কমিটি অবমাননার অভিযোগ আনা হবে এবং দেওয়ানি কার্যবিধি অনুযায়ী জরিমানা আরোপ করা হবে। তবে জরিমানা করার দায়িত্ব বর্তাবে দেওয়ানি আদালতের ওপর। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, কমিটির সভাপতিরা খসড়া আইনটি অনুমোদনের পর আইনমন্ত্রীর হাতে দেওয়া হয়েছে। সংসদের চলতি অধিবেশনেই এটি বিল আকারে উত্থাপন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, সংসদীয় কমিটি কাউকে ডাকলে সেখানে মানসম্মানের কোনো বিষয় নেই। কারণ সংবিধান (অনুচ্ছেদ ৭৬) কমিটিকে এ ক্ষমতা দিয়েছে।আইন প্রণয়নের এ উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে বিশিষ্ট আইনজীবী শাহ্দীন মালিক প্রথম আলোকে বলেন, ‘গণতন্ত্র মানে সংসদে সকলের জবাবদিহিতা। এটা করার জন্য শাস্তির বিধান করার প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ, সংসদ কাউকে ডাকলে অবশ্যই তাঁর যাওয়া উচিত। এটা নিয়ে কোনো বিতর্ক নেই। তবে এ নিয়ে বলপ্রয়োগের চেষ্টার জন্য কোনো আইন হলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।’প্রস্তাবিত আইনের বিধান অনুযায়ী সংসদীয় কমিটি অনুসন্ধান ও তদন্তকাজে দেওয়ানি আদালতের (কোড অব সিভিল প্রসিডিউর, ১৯০৮) ক্ষমতা প্রয়োগ করতে পারবে। খসড়ায় দেখা যায়, প্রয়োজনে মৌখিক সাক্ষ্য আদায়ের জন্য সংসদীয় কমিটি যেকোনো ব্যক্তিকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিতে পারবে। একই সঙ্গে যেকোনো ধরনের নথি, দলিল, প্রতিবেদন বা তথ্যপ্রমাণ উপস্থাপনের নির্দেশ দিতে পারবে।কমিটির উদ্ঘাটিত অনিয়ম সম্পর্কে তদন্ত শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানকে লিখিতভাবে জানানোর কথা বলা হয়েছে প্রস্তাবিত আইনে। এ ছাড়া কমিটির আদেশ পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবে সংসদীয় কমিটি।সুরঞ্জিত সেনগুপ্ত আরও জানান, বিভিন্ন কমিটির সভাপতিরা অভিযোগ করেছেন, স্পিকার উপকমিটিগুলোকে তদন্তকাজে ঢাকার বাইরে যাওয়ার অনুমতি দিচ্ছেন না। তিনি বলেন, সংবিধান এবং কার্যপ্রণালি বিধি অনুযায়ী কমিটিগুলোকে তদন্তের সুযোগ দিতে হবে। বিষয়টি নিয়ে তিনি এবং চিফ হুইপ আবদুস শহীদ স্পিকারের সঙ্গে পরামর্শ করবেন।