প্রয়োজনে সমন জারি করে সাক্ষীকে কমিটির সামনে হাজির করাতে বাধ্য করার ক্ষমতা পাচ্ছে সংসদীয় কমিটিগুলো। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারির ক্ষমতাও পাচ্ছে তারা। আর যেকোনো ধরনের তদন্তের ক্ষেত্রে সংসদীয় কমিটি দেওয়ানি আদালতের ক্ষমতা পাবে। জাতীয় সংসদের সংসদীয় কমিটিগুলোর ক্ষমতা বাড়াতে ‘সংসদীয় স্থায়ী কমিটি (সাক্ষী, তলব ও দলিলপত্র দাখিল) আইন-২০১১’-এর চূড়ান্ত খসড়ায় সংসদীয় কমিটিকে এ ক্ষমতা দেওয়া হচ্ছে। সংসদের অধিবেশনে বিলটি সংসদে উঠবে। এ ছাড়া সংবিধান সংশোধন, বাজেট পাসসহ বেশকিছু নতুন বিলও অধিবেশনে উঠবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।সংসদ সচিবালয় সূত্র জানায়, ২২ মে নবম জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হচ্ছে। এ অধিবেশনেই সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির প্রস্তাবনা পেশ করা হবে। আর আগামী ৯ জুন এ অধিবেশনেই ২০১১-১২ অর্থবছরের বাজেট পেশ করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বর্তমান সরকারের তৃতীয় বাজেট এদিন উত্থাপন করবেন।স্পিকার আবদুল হামিদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, আগামী অধিবেশনে বাজেট পাস, সংবিধান সংশোধনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। এ কারণে অধিবেশন দীর্ঘ হতে পারে। তবে সংসদে কার্য-উপদেষ্টা কমিটির সভায় সবকিছু চূড়ান্ত করা হবে।সূত্র জানায়, আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রস্তাবনা অনুসারে আইন মন্ত্রণালয় ইতিমধ্যে সংসদীয় কমিটিগুলোর ক্ষমতা বাড়ানো-সম্পর্কিত আইনটির খসড়া চূড়ান্ত করেছে। এতে বলা হয়েছে, হলফনামার মাধ্যমে সাক্ষ্যগ্রহণ এবং কোনো দলিল উদ্ঘাটন ও পরীক্ষা করার এখতিয়ার থাকবে সংসদীয় কমিটিগুলোর। তবে রাষ্ট্রের নিরাপত্তা বা স্বার্থ বিঘ্নিত হতে পারে, এ বিবেচনায় সরকার সংশ্লিষ্ট দলিলপত্র কমিটির কাছে দিতে অনিচ্ছা প্রকাশ করতে পারবে।এ প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, প্রস্তাবিত আইনের খসড়া প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত। শিগগিরই এটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হতে পারে। এরপর সংসদের অধিবেশনে এটি বিল আকারে উঠবে।প্রস্তাবিত আইনের খসড়ায় বলা হয়েছে, কমিটি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো দলিল, প্রতিবেদন, নথি বা অন্য কোনো তথ্য বা প্রমাণপত্র সংগ্রহ বা কোনো ব্যক্তির মৌখিক সাক্ষ্য নেওয়ার বিষয় বিবেচনা করতে পারবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলপত্র, প্রতিবেদন, নথি বা তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট ব্যক্তিকে সশরীরে কমিটির সামনে হাজির হতে নির্দেশ দিতে পারবে সংসদীয় কমিটি। এ নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি তাঁর হেফাজতে রাখা প্রয়োজনীয় সব তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবেন। নির্দেশ অমান্যকারী কোনো ব্যক্তি বা কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সুপারিশ করবে সংসদীয় কমিটি। সাক্ষী হিসেবে কাউকে তলব করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সশরীরেই হাজির হতে হবে। আইনজীবী বা প্রতিনিধির মাধ্যমে হাজির হওয়ার সুযোগ থাকবে না। তবে বিশেষ ক্ষেত্রে কমিটি এ ব্যাপারে প্রতিনিধিকে গ্রহণ করতে পারবেন।আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়গুলোর কাজের ভারসাম্য রক্ষার জন্য কমিটি-ব্যবস্থাকে শক্তিশালী করতে এ আইনটি পাসের সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, কোড অব সিভিল প্রসিডিউর অনুসারে বিচারকেরা তলবের ক্ষমতা ব্যবহার করে থাকেন। সে ক্ষেত্রে তলবের পর কেউ হাজির না হলে পুলিশ দিয়ে তাঁকে হাজির করানোর ব্যবস্থা নেওয়া হয়।বর্তমানে সংসদীয় কমিটি কাউকে ডাকার পর কেউ হাজির না হলে কমিটির কিছুই করার থাকে না। এ আইনটি পাস হলে সংসদীয় কমিটিও দেওয়ানি কার্যবিধির মতো ক্ষমতা পাবে। এতে কমিটির কাছে মন্ত্রণালয়ের জবাবদিহিতাও বাড়বে।