বেসিক ব্যাংকে ঋণ জালিয়াতির তদন্তের বিষয়ে জানতে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি তলব করলেও আজ বৃহস্পতিবার কমিটির বৈঠকে যাচ্ছে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উচ্চপর্যায়ের একাধিক সূত্র না যাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে।
বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির তদন্তের বিষয়ে আলোচনার জন্য দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংসদীয় কমিটির আজকের বৈঠকে উপস্থিত থাকতে কমিটির পক্ষ থেকে ১৭ জানুয়ারি দুদকের সচিবকে চিঠি পাঠানো হয়। চিঠিতে দুদকের কর্মকর্তাদের আজ বেলা ১১টায় জাতীয় সংসদের ১ নম্বর স্থায়ী কমিটির কক্ষে উপস্থিত থাকতে বলা হয়।
জানতে চাইলে দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল গতকাল বুধবার রাতে প্রথম আলোকে বলেন, বেসিক ব্যাংকের বিষয়টি যেহেতেু তদন্তাধীন, সে কারণে সংসদীয় কমিটির বৈঠকে কোনো কর্মকর্তাকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
সংসদীয় কমিটির সূত্র বলেছে, বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও পরিচালনা পর্ষদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে কোনো অভিযোগ উত্থাপিত না হওয়ায় গত ২৭ অক্টোবর অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। ওই বৈঠকে দুদককে তলব করার সিদ্ধান্ত হয়।
বেসিক ব্যাংকে ঋণ জালিয়াতির ঘটনায় গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর গুলশান, মতিঝিল ও পল্টন থানায় ৫৬টি মামলা করে দুদক। এসব মামলায় মোট আসামি ১২০ জন। এঁদের মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২৬ জন, ঋণগ্রহীতা ৫৪ প্রতিষ্ঠানের ৮৪ জন এবং সার্ভে প্রতিষ্ঠানের ১০ জন রয়েছেন। তবে কোনো মামলায় ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান শেখ আবদুল হাই বা পরিচালনা পর্ষদের কাউকে আসামি করা হয়নি।