সংসদীয় কমিটির তলবে সাড়া দিচ্ছে না দুদক
বেসিক ব্যাংকে জালিয়াতির তদন্তের বিষয়ে জানতে অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির তলবে সাড়া দিচ্ছে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাই আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় কমিটির বৈঠকে দুদকের কোনো কর্মকর্তা যাচ্ছেন না। সংস্থার উচ্চ পর্যায়ের একাধিক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।
বেসিক ব্যাংকের অনিয়ম ও দুর্নীতি-সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত থাকতে কমিটির পক্ষ থেকে গত ১৭ জানুয়ারি দুদক সচিব বরাবর চিঠি পাঠানো হয়। চিঠিতে দুদক কর্মকর্তাদের আগামীকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় সংসদে ১ নম্বর স্থায়ী কমিটির কক্ষে উপস্থিত থাকতে বলা হয়।
গত ২৪ জানুয়ারি ওই চিঠি দুদকে আসার পর কমিশনের কাছে উপস্থাপন করা হয়। কমিশন সার্বিক বিবেচনা করে দুদকের পক্ষ থেকে কাউকে কমিটির বৈঠকে না পাঠানোর সিদ্ধান্ত নেয় বলে সূত্র জানায়।
দুদক কমিশনার মো. সাহাবুদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল আজ বুধবার রাতে প্রথম আলোকে বলেন, ‘বেসিক ব্যাংকের বিষয়টি যেহেতু তদন্তাধীন, সে কারণে সংসদীয় কমিটির বৈঠকে কোনো কর্মকর্তাকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।’
সংসদীয় কমিটি সূত্রে জানা গেছে, বেসিক ব্যাংকের জালিয়াতির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও পরিচালনা পর্ষদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে কোনো অভিযোগ উত্থাপিত না হওয়ায় গত বছরের ২৭ অক্টোবর অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। ওই বৈঠকে দুদককে তলব করার সিদ্ধান্ত হয়।
ওই বৈঠক শেষে সংসদীয় কমিটির সদস্যদের বক্তব্য তুলে ধরে কমিটির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘দুদকের দায়িত্ব দুর্নীতিবাজ ধরা। দুর্নীতিবাজদের বিরুদ্ধে জলজ্যান্ত প্রমাণ থাকা সত্ত্বেও সেটা দুদকের চোখে পড়ে না। তাই প্রশ্ন উঠেছে, দুদককে ধরবে কে?’ পরে আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, কমিটি যেসব নথি পেয়েছে তাতে স্পষ্ট যে বেসিক ব্যাংকের টাকা লুটের সঙ্গে জড়িত কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও এর পরিচালনা পর্ষদ বা চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই অনুসন্ধানের সঙ্গে যুক্ত দুদকের কর্মকর্তা অথবা উপযুক্ত প্রতিনিধিকে কমিটির বৈঠকে হাজির হওয়ার জন্য তলব করা হবে।
কমিটির ওই সিদ্ধান্তের পর দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, দুদক স্বাধীন স্বশাসিত সংস্থা। এর জবাবদিহির কোনো জায়গা নেই। দুদককে তলব করার আগে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২০৩ ধারার আলোকে ও দুদক আইন ২০০৪ পাশাপাশি রেখে সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে।
বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশান, মতিঝিল ও পল্টন থানায় ৫৬টি মামলা করে দুদক। এসব মামলায় মোট আসামি ১২০ জন। এঁদের মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২৬ জন। এ ছাড়া ঋণগ্রহীতা ৫৪ প্রতিষ্ঠানের ৮৪ জন এবং সার্ভে প্রতিষ্ঠানের ১০ জনকে আসামি করা হয়। তবে কোনো মামলায় ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই বা পরিচালনা পর্ষদের কাউকে আসামি করা হয়নি।