সংসদীয় কমিটির তোপ আইজিপির ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সমালোচনার মুখে পড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির বৈঠকে এই ঘটনা ঘটে। বৈঠকের পর কমিটির একাধিক সদস্য সাংবাদিকদের জানান, বৈঠকের শেষ দিকে কমিটির সদস্যরা বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়া এবং সাগর-রুনি হত্যাকাণ্ডসহ অন্যান্য আলোচিত মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চান। আইজিপি তখন বলেন, ‘বিষয়গুলো তদন্তাধীন আছে। এ অবস্থায় আলোচনা করা ঠিক হবে কি না।’ এতে জাতীয় পার্টির সদস্য মজিবুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সংসদে সব বিষয় নিয়ে কথা বলা যাবে। এখানে বিচারাধীন বা তদন্তাধীন বিষয় বলে কিছু নেই।’ তাঁর বক্তব্যে সমর্থন জানান কমিটির সভাপতি আবদুস সালাম। আইজিপি বলেন, পুলিশ ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায়। সে জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। বৈঠক সূত্র বলেছে, বিষয়টি নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং প্রতিমন্ত্রী শামসুল হক নীরব ছিলেন। বৈঠকের পর বিষয়টির সত্যতা নিশ্চিত করে মজিবুল হক সাংবাদিকদের বলেন, ‘কমিটির সদস্যরা যেকোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। কমিটিতে আলোচনা করা যাবে কি না, এই বলে কেউ দায়িত্ব এড়াতে পারেন না।’এ ব্যাপারে প্রথম আলো হাসান মাহমুদ খন্দকারের বক্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।