সংসদীয় কমিটির পরিদর্শন ও ‘সাজানো গণশুনানি’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যশোরের ভবদহ অঞ্চলের মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন করেছে। কমিটি বুধবার প্রকল্পের মনিরামপুর উপজেলা অংশ ও বৃহস্পতিবার অভয়নগর উপজেলা অংশ পরিদর্শন করে। এলাকাবাসীর অভিযোগ, সংসদীয় দলের প্রকল্পটি পরিদর্শন ও গণশুনানি ছিল সাজানো নাটক।কমিটির সভাপতি সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের নেতৃত্বে সাত সদস্যের কমিটি ভবদহ অঞ্চলের ছয়টি কমিউনিটি গ্রুপের কার্যক্রম পরিদর্শন, সুফলভোগীদের সঙ্গে গণশুনানি ও মতবিনিময়, মৎস্য অভয়াশ্রম ও কার্প নার্সারি পরিদর্শন এবং জেলা মৎস্য অধিদপ্তর ও প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে।প্রকল্প এলাকার অনেকেই অভিযোগ করেন, কমিটি প্রকল্প এলাকা পরিদর্শনে আসছে এমন খবর আগেভাগেই এলাকায় ছড়িয়ে দেওয়া হয়। প্রকল্প ও মৎস্য অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তারা এলাকার কিছু ব্যক্তিকে প্রস্তুত করে সংসদীয় কমিটির সামনে গণশুনানিতে হাজির করেন। সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের কোনো বক্তব্য নেওয়া হয়নি। অভয়নগর উপজেলার বাগদহ গ্রামের গোলাম মোস্তফা বলেন, সাজানো লোক দিয়ে গণশুনানি করা হয়েছে। ডুমুরতলা বিল-১ কমিউনিটি গ্রুপের কোষাধ্যক্ষ অনিমেষ বিশ্বাস বলেন, তাঁরা এ ব্যাপারে কিছুই জানেন না। যাঁদের জানার কথা তাঁরাই হয়তো জেনেছেন। সাত লাখ টাকা ব্যয়ে প্রকল্পের আওতাধীন মনিরামপুর উপজেলার কুলটিয়া-হরিতলা বাঁধ কাম মাটির রাস্তা পুনর্নির্মাণে দিনমজুরের কাজ করেছিলেন লখাইডাঙ্গা গ্রামের বৈকুণ্ঠ রায়। তিনি অভিযোগ করেন, তাঁরা সব মিলিয়ে হাজার বিশেক টাকার কাজ করেছিলেন। এখনো অনেক বকেয়া পরিশোধ করা হয়নি। কিন্তু তাঁদের কাছে কিছু শোনা হয়নি। কুলটিয়া ইউপির চেয়ারম্যান লক্ষ্মণ চন্দ্র ধর বলেন, মুক্তেশ্বরী নদীতে মৎস্য অভয়াশ্রম করে টাকা লুটপাট করা হয়েছে। পানিপ্রবাহে বাধা সৃষ্টি করায় বিক্ষুব্ধ এলাকাবাসী তা তুলে দিয়েছে। মাটির কাজেও সমানে লুটপাট চালানো হয়েছে। অথচ সংসদীয় কমিটি এসব আমলে নেয়নি।এ বিষয়ে সংসদীয় কমিটির সভাপতি এ বি এম আশরাফ উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পে টুকটাক অনিয়ম ও দুর্নীতি হতে পারে, এটা তো বুঝি। তবে বড় ধরনের তেমন কিছু চোখে পড়েনি।’ তিনি বলেন, প্রকল্পে অনেকে লাভবান হয়েছেন। প্রথমে অনেকে প্রকল্পে আসতে চাননি। এখন লাভ দেখে আসতে চাইছেন। হয়তো তাঁরাই ক্ষোভ প্রকাশ করছেন। সংসদীয় কমিটি প্রকল্প পরিদর্শনে এসে মাঠপর্যায়ে গণশুনানি করছে—এটি একটি নতুন ধারা বলে দাবি করেন তিনি। ঢাকায় ফিরে প্রকল্পের আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সুপারিশ করা হবে বলেও জানান তিনি।গত ২৬ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘মাঠে মারা যাচ্ছে ভবদহ মৎস্য প্রকল্প!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর থেকে ওই প্রকল্পের সব কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।