সংসদীয় কমিটির বিদেশ সফরের জন্য বরাদ্দ চাইবে সংসদ
সংসদীয় কমিটির বিদেশ সফরে পৃথক বরাদ্দ দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠাবে সংসদ সচিবালয়। আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, বর্তমানে সংসদীয় কমিটির সদস্যরা মন্ত্রণালয়ের খরচে বিদেশ সফর করে থাকেন। এর স্বচ্ছতা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠে। অন্যদিকে, বিদেশ সফরের জন্য সংসদের কোনো বরাদ্দ নেই। সে জন্যই আমরা অর্থ মন্ত্রণালয়কে সংসদীয় কমিটির জন্য আলাদা বরাদ্দ দিতে বলব। বরাদ্দ অনুযায়ী, যৌক্তিক ক্ষেত্রে কমিটি সফরের পরিকল্পনা করবে। সংসদ সচিবালয় টাকা দেবে।
এর আগে গত সেপ্টেম্বরে সংসদীয় কমিটির বিদেশে সফরের খরচ নিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাতে বলা হয়, মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদীয় কমিটির বিদেশ সফরের অর্থছাড় করায় আর্থিক শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে।