সংসদীয় কমিটির বৈঠক উন্মুক্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, গণতন্ত্রের চর্চা ও অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে এ বৈঠক উন্মুক্ত করা দরকার। কেননা, এখানে কী সিদ্ধান্ত হয়, তা গণমাধ্যমে যতটুকু জানানো হয়, ততটুকুই প্রকাশ পায়।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘তথ্য অধিকার আইন ও গভীরতাধর্মী সাংবাদিকতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন সেমিনারটির আয়োজন করে।
সেমিনারে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের গণতন্ত্র চর্চা করার জন্য তথ্য কমিশন, মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করেছে। তেমনি মন্ত্রীদের জবাবদিহির জন্য রয়েছে সংসদীয় কমিটি। কিন্তু এই কমিটির বৈঠক হয় লোকচক্ষুর অন্তরালে। এখানে কী সিদ্ধান্ত হয়, তা গণমাধ্যমে যতটুকু জানানো হয় ততটুকুই প্রকাশ পায়।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান বলেন, তথ্য অধিকার আইনটি হয় ২০০৯ সালে। এই আইন হওয়ার সাত বছর পেরিয়ে গেলেও মানুষ সেভাবে আইন সম্পর্কে জানে না। আইনটি সম্পর্কে মানুষকে জানানো প্রয়োজন।
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তথ্যের অধিকারও মানুষের একটি মৌলিক অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত হলে মানুষের অস্তিত্ব ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তাই এখন সময় এসেছে এই আইনকে হালনাগাদ করে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হবে।
এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, একাত্তর টিভির বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।