বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা-ছাত্র সংঘর্ষের ঘটনায় আজ মঙ্গলবার সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির টেলিকনফারেন্স হচ্ছে। সকাল ১০টায় এ কনফারেন্স হওয়ার কথা রয়েছে। খবর বাসসের।সংসদ সচিবালয় থেকে জানানো হয়, সাবেক সেনাপ্রধান জেনারেল মইন ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা-ছাত্র সংঘর্ষের ঘটনায় টেলিকনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য দিতে আগ্রহ প্রকাশ করে গত মাসে সংসদীয় কমিটির কাছে চিঠি পাঠান। এরই পরিপ্রেক্ষিতে গত ২৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির এ বিষয়ে গঠিত উপকমিটির বৈঠকে টেলিকনফারেন্সের মাধ্যমে তাঁর সাক্ষ্য নেওয়ার সিদ্ধান্ত হয়।কমিটি সচিব শাহ মাহমুদ সিদ্দিকী জানান, গত ২৬ আগস্ট জেনারেল মইন তাঁর টেলিফোন নম্বর জানিয়ে কমিটির সচিব বরাবর একটি ই-মেইল পাঠান। এতে টেলিকনফারেন্সের সুযোগ দেওয়ায় কমিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কমিটির দেওয়া সময় অনুযায়ী নির্ধারিত ওই নম্বরে তিনি উপস্থিত থাকবেন।শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও উপকমিটির আহ্বায়ক রাশেদ খান মেনন বলেন, ওই ঘটনায় এ পর্যন্ত পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতেই তাঁকে প্রশ্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কমিটির সদস্য মো. শাহ আলম বলেন, কমিটির কাছে এ পর্যন্ত বেশ কয়েকজন সেনা কর্মকর্তা এবং তত্কালীন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা সাক্ষ্য দিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এখনো কমিটির আহ্বানে সাড়া দেননি।