সংসদীয় কমিটির সভায় বিমান মন্ত্রণালয়কে ভর্ৎসনা
যাত্রীরা অপেক্ষায় থাকার পরও উড়োজাহাজ উড়তে না দেওয়ায় বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে ভর্ৎসনা করেছে ওই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি বলেছে, মন্ত্রণালয়ের হটকারী এই সিদ্ধান্তের কারণে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং অর্থের অপচয় হয়েছে। জাতীয় সংসদ ভবনে গতকাল বুধবার কমিটির সভায় এ কথা বলা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোশাররফ হোসেন। সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে কমিটির সদস্য মঈনউদ্দিন খান বাদল বলেন, কমিটি বিমানের সার্বিক কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। গত ১৬ জুন দেশে এবং দেশের বাইরে বিমানের যাত্রীরা অপেক্ষায় ছিলেন। কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশে শেষ পর্যন্ত ওই উড়োজাহাজটি উড্ডয়ন করতে পারেনি। মন্ত্রণালয় বলেছে, উড়োজাহাজটির উড্ডয়নের অনুমতি নেই। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কারণে বিমানের ওই সব যাত্রীকে হোটেলে রাখতে হয়েছে, খাওয়াতে হয়েছে। এতে রাষ্ট্রের অর্থের অপচয়ের পাশাপাশি সুনামও ক্ষুণ্ন হয়েছে। মঈনউদ্দিন খান জানান, বিমান ওই উড়োজাহাজটি নাইজেরিয়াভিত্তিক কাবো এয়ারের কাছ থেকে ভাড়া করেছে। কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই উড়োজাহাজটি দুই হাজার ২০০ ঘণ্টা উড়েছে। অথচ উড়োজাহাজটি উড়বে কি না, তা জানতে চেয়ে বিমান যথাসময়ে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল। কিন্তু মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিমানকে কোনো উত্তর দেওয়া হয়নি। সভায় কমিটির অন্য সদস্যদের মধ্যে বিমান ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, হুইপ মো. মুজিবুল হক ও শেফালী মমতাজ অংশ নেন। এ ছাড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।